Blog

  • ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে- ভালুকায় ইমামদের উদ্দেশ্যে ওসি কামাল

    ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে- ভালুকায় ইমামদের উদ্দেশ্যে ওসি কামাল

    ষ্টাফ রিপোর্টারঃ
    ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের সচেতনভাবে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ

    সোমবার (৪রা মার্চ) দুপুরে ইসলামি ফাউন্ডেশন ভালুকা শাখার এর উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ঈমামদপর নিয়ে আয়োজিত ইমাম সম্মেলন এবং সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় উপজেলার ইমামদের সাথে এক মতবিনিময় সভায় ওসি শাহ কামাল আকন্দ এসব কথা বলেন। উক্ত মতবিনিময় সভায় ইসলামিক ফাউণ্ডেশন ভালুকা উপজেলা শাখার কর্মকর্তা কর্মচারীগণসহ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ভালুকা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ওসি শাহ কামাল আকন্দ বলেন, ”ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ তৈরি করতে না পারে, ধর্মীয় অনুভূতিতে যাতে কেউ আঘাত না করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ধর্মীয় কোন বিষয়ে সমস্যা সৃষ্টি হলে নিজেরা বসে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর কোন কিছু ঘটলে সেটা নিয়ে যাতে বাড়াবাড়ি না হয়ে সেদিকে ইমাম সমাজের ভুমিকা রাখতে হবে। মসজিদে বয়ানের সময় এসব বিষয় তুলে ধরতে হবে।”

    ওসি বলেন, “ধর্মভীরুতার জন্যও অনেক সময় মানুষ জঙ্গীবাদের মত বিষয়ে জড়িয়ে পড়ে। ইসলামের পূর্ণ ও সঠিক জ্ঞান না থাকার কারণে খুব সহজেই তারা বিভ্রান্ত হয়। মসজিদে ইমামগণ যদি এসব বিষয় ব্যাখ্যা করে আলোচনা করেন তাহলে জঙ্গীবাদ বা সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এসব ক্ষেত্রে ইমামদের ভূমিকা রাখতে হবে। ”

    তিনি আরও বলেন, “গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বর্তমান আধুনিক যুগে মোবাইলে কোন কিছু দেখলে সেটা নিজের বিবেক বুদ্ধি দিয়ে যাচাই-বাচাই করে বিশ্বাস করতে হবে। এসব বিষয়ে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মসজিদে আলোচনা করার মাধ্যমে সাধারণ মুসল্লীদের এসব বিষয়ে সচেতন করতে হবে।”

    তিনি বলেন, “বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে ইমামদের মর্যাদা অনেক। আপনাদের মর্যাদা আমরা রাখার চেষ্টা করব। কোন কাজে ইমাম সমাজের কেউ পুলিশের কাছে আসলে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।”

    মতবিনিময় সভায় ভালুকা মডেল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় উপজেলা আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় উপজেলা আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। বানারীপাড়ায় উপজেলা আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল -০২ আসনের সংসদ সদস্য বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, ওসি মোঃ মাইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, সাংবাদিক এস মিজানুল ইসলাম প্রমুখ। সভায় প্রশাসন মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষনা দেয়া হয়। এর পরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।#

  • পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

    পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।
    ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ,অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান। উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. পপি রাণী রায়, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ,জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান, প্রভাষক মো. মোমিন উদ্দিন, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও নারায়ণ চন্দ্র শিকারী, সহকারী প্রধান শিক্ষক আ. ওহাব, সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার ও শিবপদ সরকারসহ বিভিন্ন দপ্তর, শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দিনমজুরের মৃত্যু

    পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দিনমজুরের মৃত্যু

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।
    পরিবারের জন্য উপার্জন করতে যেয়ে, ঘরে ফেরা হলো না মোসালের, ঘাতক বাস কেড়ে নিল তার জীবন। খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোছাল সরদার (৫২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহিম গার্ডেন পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ভ্যান চালকসহ দুইজন।পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহত মোছাল সরদার উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মান্দার সরদারের পুত্র।
    ভ্যানচালক লিটন জানান, আনুমানিক সকাল ০৯ টার দিকে কাজের সন্ধানে ডুমুরিয়ায় যাওয়ার পথে নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহিম গার্ডেনরং কাছে পৌঁছালে পিছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা যাত্রীরা পড়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পর কর্তব্যরত চিকিৎসক মোছালকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ জানান, নিহতের বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত লাগে। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • নড়াইলে রেল প্রজেক্টের চোরাই মালামালের ট্রাকসহ একজনকে গ্রেফতার করছে পুলিশ

    নড়াইলে রেল প্রজেক্টের চোরাই মালামালের ট্রাকসহ একজনকে গ্রেফতার করছে পুলিশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে রেল প্রজেক্টের চোরাই মালামালের ট্রাকসহ একজনকে গ্রেফতার করছে পুলিশ। নড়াইলের লোহাগড়া উপজেলায় রেল লাইন পজেক্টের কাজে ব্যবহৃত প্রায় ১৪ টন চোরাই মালামালসহ উজ্জল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (৪ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকা থেকে চোরাই ট্রাক ভর্তি মালামালসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
    আটককৃত উজ্জল শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকার বাবু মিয়ার ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকায় রেল প্রোজেক্টের চোরাইকৃত বিভিন্ন যন্ত্রাংশ একটি ট্রাকে (যশোর-১১-৩১৮৪) বোঝাই হচ্ছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল চোরাই মালামাল বোঝাইকৃত ট্রাকটিসহ উজ্জ্বল শেখকে আটক করে থানা হেফাজাতে নিয়ে আসে।

    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, চুরি হওয়া প্রজেক্ট এর সম্পূর্ণ যন্ত্রাংশ অবৈধভাবে বিক্রি হচ্ছিল। এই মাল অকশন ছাড়া বিক্রয়ের কোনো সুযোগ নেই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

    ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

    ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃষক মশিয়ার রহমান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এই রায় দেন।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০১৪ সালের ২৬ মে রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামে বাড়ির পূর্ব দিকে রাস্তার পাশে নিজ বৈঠক খানায় বসে ছিলেন ওই গ্রামের মশিয়ার রহমান। সেসময় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের লিটন বিশ্বাস, মনিরুল বিশ্বাসসহ আরও কয়েকজন তাকে টেনে হিঁচড়ে আসামি মনিরুলের টিউবওয়েল নিকট নিয়ে গিয়ে লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরদিন তিনি মারা যান। এ ঘটনায় ২৭ মে নিহতের ভাই মো. মতিয়ার রহমান বাদী হয়ে আটজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করে। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণিত হওয়ায় ৩৭৪ ধারার বিধান মোতাবেক আসামি লিটন বিশ্বাস এবং মনিরুল বিশ্বাসকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত। মামলার অপর ৬ আসামি ইমদাদুল বিশ্বাস, রাজু বিশ্বাস, মজিদুল বিশ্বাস, ছানোয়ার মন্ডল, ওহিদুল ইসলাম এবং মাহাবুল বিশ্বাস আদালতে দোষী প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • ফুরফুরা শরীফে তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক ইসালে সওয়াব শুরু

    ফুরফুরা শরীফে তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক ইসালে সওয়াব শুরু

    ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
    ফুরফুরা শরীফের বার্ষিক ইসালে সওয়াব আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ভারতের হুগলী জেলার ফুরফুরা দরবার শরীফে খাস মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ঐতিহাসিক ইসালে সওয়াবের কার্যক্রম শুরু হয়। আগামী শুক্রবার ফজর বাদ মিলাদ, জিকির ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী ঐতিহাসিক এই ইসালে সওয়াব শেষ হবে।ইসলামী পন্ডিতদের মতে, ফুরফুরা শরীফের ইসালে সওয়াব উপমহাদেশের মুসলমানদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে যুগ পরম্পরাগত ভাবে।
    ন’হুজুর পীর কেবলার জৈষ্ঠ্য পুত্র পীর এ কামেল আল্লামা হযরত বাকী বিল্লাহ (রহ:) এঁর একমাত্র সাহেবজাদা এবং জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক মওলানা মোহাঃ আল্লামা জাবিহ্হুল্লাহ সিদ্দিক (মাদ্দঃ) এক বাণীতে দাদা হুজুর কেবলার সিলসিলাকে আঁকড়ে থাকার জন্য তাঁর ভক্ত, মুরীদ ও আশেকানদের প্রতি আহবান জানিয়ে বলেন, দাদা হুজুর কেবলার এই ইসালে সওয়াবের মাহফিল কেয়ামত পর্যন্ত কায়েম থাকবে এবং সমাজ থেকে শিরক, কুফরী ও বিদায়াত উচ্ছেদে মুখ্য ভুমিকা পালন করে যাবে ইনশাল্লাহ।ইতহাস থেকে তথ্য নিয়ে জানা গেছে, ১৮৯০ সালে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে যামান হযরত মাওলানা শাহ্ সুফী আবু বকর সিদ্দিকী (রহঃ) ফাল্গুন মাসের ২১, ২২ ও ২৩ তারিখ নির্ধারণ করে ফুরফুরা শরীফে ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল কায়েম করেন যা আজও ওই তিন দিন ধরে সেখানে লাখ লাখ লোকের আগমন ঘটছে।ইসালে সওয়াব মাহফিলের অর্থ সওয়াব পৌঁছানোর সম্মেলন। তাই এপার বাংলা ওপার বাংলার লাখ লাখ মুসলমান উপমহাদেশের প্রখ্যাত পীর মুজাদ্দেদে যামান হযরত আবু বকর সিদ্দিকী (রহঃ) প্রবর্তিত ইসালে সওয়াবের মাহফিলে যোগদান করে থাকেন। তিনি ইসালে সওয়াব মাহফিল সম্পর্কে বলেছেন, ‘আমি জানি, আল্লাহ্ বলিয়াছেন : ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কুও আনফুসাকুম ওয়া আহলিকুম্ নারা- হে ইমানদারগণ, তোমরা নিজেদিগকে ও নিজের পরিজনকে অগ্নি হতে রক্ষা কর।’ এই আয়াতের মর্ম অবলম্বনে আমার বাড়িতে দেশী-বিদেশী সকলকে আম দাওয়াত দিয়া বহু আলেম-ওলামা, হাফেজ, ক্বারী কর্তৃক ওয়াজ-নসিহত করাইয়া ও নিজে করিয়া, শরিয়তের হুকুম আহকাম জানাইয়া দেই। ৬০-৭০ বার খতম কুরআন শরীফ, সূরা এখলাস ও ফাতেহা, কলেমা ইত্যাদি পড়ানো হয়। এই সমস্তে সওয়াব রাসুল পাক (সাঃ) ও যাবতীয় ওলি-আওলিয়া গওছ, কুতুব এবং যাবতীয় মুসলমানদের রুহের ওপর সওয়াব রেছানি করা হয়। এ জন্য এই মাহফিলের নাম ইসালে সওয়াব। এই মাহফিল যাহাতে আল্লাহ্ কায়েম রাখেন, তাহার চেষ্টা আমার পুত্রগণ, খলিফাগণ ও মুরিদগণ করিবেন। খলিফাগণের মধ্যে যদি কাহারও বাড়িতে এ রূপ মাহফিল করিতে কাহারও শক্তি হয়, তবে তিনি তাহা করিবেন। সাবধান! কেহ যেন অর্থের লোভে বা অন্য কোন রূপ মান-মর্যাদার জন্য না করেন। বিশুদ্ধ হেদায়েতের নিয়তে করিলে বহু নেকি পাইবেন। আরও সাবধান থাকিবেন যে, যেন এই মাহফিলে কোন প্রকার বেদয়াত ও হারাম কার্য বা নামাজের জামায়াত তরক না হয়। বাজে তামাসা ইত্যাদি না হয়।’

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • নড়াইল জেলা তথ্য অফিস’র আয়োজনে কমিউনিটি সভা অনুষ্ঠিত

    নড়াইল জেলা তথ্য অফিস’র আয়োজনে কমিউনিটি সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল জেলা তথ্য অফিস’র আয়োজনে কমিউনিটি সভা অনুষ্ঠিত।
    জেলা তথ্য অফিস, কর্তৃক শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: রোস্তম আলী, তথ্য অফিসার, নড়াইল, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, সাবিনা আক্তার, প্রোগ্রাম অফিসার আরআর এফ, নড়াইল এবং এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ ।
    কমিউনিটি সভায় বক্তারা শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুর মানসিক বিকাশ, অটিজম, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, টিকাদান, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করেন।

  • পঞ্চগড়ে যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

    পঞ্চগড়ে যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর, পঞ্চগড় জেলার ২০২৩-২৪ অর্থ বছরের যানবাহন চালনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (৪ মার্চ) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে যানবাহন প্রশিক্ষণ কক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

    এসময় উপপরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, প্রশিক্ষক আবু সায়েম বসুনিয়া, প্রশিক্ষক শ্রী সুমন চন্দ্র বর্মন, প্রশিক্ষক আবুল হোসাইন প্রমূখ।

    ওই সময় উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান, উপপরিচালক মকছুদুল কবির ও কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা। এছাড়াও প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মুহম্মদ তরিকুল ইসলাম।

    জানা গেছে, পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন গত অর্থবছরে আটটি ব্যাচ এক মাস ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স গ্রহন করে এ পর্যন্ত বের হয়েছে। এখন নতুন করে ২০২৩-২৪ অর্থবছরের ৯তম ব্যাচের যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাঁচ বছর মেয়াদি গ্রহণ করার সুযোগ রয়েছে। পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের যানবাহন চালনা দক্ষ ড্রাইভিং প্রশিক্ষক শ্রী সুমন চন্দ্র বর্মন ও প্রশিক্ষক আবুল হোসাইন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • জয়পুরহাটে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার-৩

    জয়পুরহাটে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার-৩

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে কিশোর গ্যাং লিডার রাব্বিসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (জয়পুরহাট র‌্যাব-৫)।

    রবিবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

    গ্রেপ্তাররা হলেন- জেলার সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের রমজান আলীর ছেলে ও কিশোর গ্যাং লিডার রাব্বি হোসেন (২১), বামনপাড়া ভাদসা গ্রামের শ্রী পরিমল চন্দ্রের ছেলে শ্রী প্রিয় সৌরভ (২০) ও পার্বতীপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে রিসাদ হোসেন (২১)।

    সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, বর্তমান সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধির পাশাপাশি নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত হচ্ছে তারা। সেই সঙ্গে তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী। এমন একাধিক অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর উপজেলার ভাদসা এলাকায় অভিযান চালিয়ে শনিবার (২ মার্চ) রাত ৮টার দিকে কিশোর গ্যাং লিডার রাব্বিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

    জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের মেজর শেখ সাদিক বলেন, গ্রেপ্তারদের পর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।