Blog

  • কালীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি  সংঘর্ষে একজন নিহত

    কালীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৩৫) নামের এক পিকআপ চালক নিহত হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শরিয়তপুর সদর উপজেলা কেয়ারপুর গ্রামের সিরাজুল হক খানের ছেলে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ থেকে ফুলঝুরি সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোর যাচ্ছিলো। বাসটি আমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী সেখান থেকে নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

    ঝিনাইদহ

    আতিকুর রহমান

  • নড়াইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্ধ রাখতে হবে ডিজে গান

    নড়াইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্ধ রাখতে হবে ডিজে গান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নড়াইলে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়।
    জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, গোয়েন্দা সংস্থা, নড়াইলের উপ-পরিচালক ইমদাদুল হক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, সহ-সভাপতি পংকজ বিহারী ঘোষ, সদর উপজেলার সভাপতি নিখিল সরকার, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা বলেন, জেলায় এ বছর ৫৭১টি পূজা মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। নড়াইল জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এক ধরনের লোক গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে, কোনো ধরনের গুজবে কান দিবেন না। তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রতিটি মণ্ডপে আইন-শৃংখলা বজায় রাখতে আইনশৃংখলা রক্ষাবাহিনীর পাশাপাশি, পূজা কমিটির স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।

    এ ছাড়া পূজা চলাকালে ডিজে গান বন্ধসহ যে কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহবান জানানো হয়েছে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • মোংলাবন্দরে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বন্ধ জাহাজের পণ্য ওঠানামাও

    মোংলাবন্দরে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বন্ধ জাহাজের পণ্য ওঠানামাও

    এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট: টানা বৃষ্টিতে বাগেরহাটের মোংলা পৌর শহরসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ী। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও শ্রমিক-কর্মচারীরা। রাস্তা ও ঘরে পানি উঠায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

    মঙ্গলবার শুরু হওয়া টানা বৃষ্টিতে মোংলা বন্দর ও পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জলাবদ্ধ হয়ে পড়েছেন। এছাড়া বুধবার ভোর থেকে থেমে থেমে হালকা-মাঝারী বৃষ্টি হচ্ছে মোংলার উপকূল জুড়ে।

    টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও শ্রমিক-কর্মচারীরা। এদিকে বৃষ্টিপাতে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ী ও রান্নাঘর। এত বন্ধ হয়ে গেছে অনেক পরিবারের রান্নাবান্না। রাস্তা ও ঘরে পানি উঠায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

    ওয়ার্কশপ মালিক মো. হানজালা হাওলাদার বলেন, বৃষ্টিতে কোনো কাজ কর্ম নেই, তাই অলস বসে থাকতে হচ্ছে। কাজ না থাকলে আয় হবে কিভাবে আর সংসারও চালাবো কেমন করে।

    দুধ ব্যবসায়ী সুলতান ফকির বলেন, পাশের উপজেলা রামপালের ফয়লা থেকে দুধ এনে মোংলার বিভিন্ন হাটে-বাজারে বিক্রি করে থাকি, কিন্তু বৃষ্টিতে স্বাভাবিক কাজ কর্ম করতে কষ্ট হচ্ছে।

    সামছুর রহমান রোডে বাসিন্দা সালমা বেগম বলেন, বৃষ্টিতে রাস্তায় ও বাড়িতে পানি ওঠেছে। রান্না ঘরে পানি ওঠায় পাঁচদিন ধরে অন্যের বাড়ি থেকে রান্না করে আনতে হচ্ছে।

    একই এলাকার নুর নাহার বেগম বলেন, বৃষ্টিতে ঘরে পানি ওঠায় ছেলে-মেয়ে নিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে।

    মো. সাইফুল ও ফরহাদ হোসেন বলেন, রাস্তার হাঁটু পানি ভেঙ্গে আমাদের চলাফেরা করতে হচ্ছে। আর অফিসে যেতে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। দীর্ঘ আটবছর ধরেই সামান্য বৃষ্টিতে আমরা জলাবদ্ধতার শিকার হয়ে আসছি। রাস্তা ও ড্রেন কিছুই নেই, রাস্তা দেখলে মনে হয় যেন খাল।

    এদিকে বৃষ্টিপাতের কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত তিনটি সারবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজের সার ওঠানামা ও পরিবহণের কাজ। তবে বাকি ছয়টি বিদেশি জাহাজের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

  • বাগেরহাটের ফকিরহাট নবাগত ওসির সাথে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

    বাগেরহাটের ফকিরহাট নবাগত ওসির সাথে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

    এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট মডেল থানার নবাগত অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলমের সাথে ফকিরহাট সাংবাদিক ইউ নিয়নের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার রাত ৮টায় মতবিনিময় আগে নবাগত ওসির সাথে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টামন্ডলির সদস্য আমিরুল ইসলাম, সভাপতি মান্না দে, সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি আহসান টিটু, যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ শেখ খারিব হোসেন, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, নির্বাহী সদস্য ফকির দাউদ হায়দার বাবু, সদস্য শেখ আজমল হোসেন প্রমূখ। এসময় ফকিরহাটের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।#

  • বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাতরোগে ঘেরের মাছ মরে ব্যাপক ক্ষতি

    বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাতরোগে ঘেরের মাছ মরে ব্যাপক ক্ষতি

    এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ঠিকরিপাড়া নিবাসী ফকির দাউদ হায়দার বাবুর ঘেরে অজ্ঞাতরোগে চিংড়ি মাছ মরে ব্যাপক ক্ষতি হয়েছে।
    ক্ষতিগ্রস্থ দাউদ হায়দার বাবু জানান, কেন্দুয়া বিলে ৯ বিঘা জমিতে দীর্ঘদিন যাবৎ ঘের করে গলদা চিংড়ি চাষ করে আসছে। বুধবার সকালে তিনি ওই ঘেরে যান।
    এসময় তিনি দেখতে পান তার ঘেরের মাছ মরে গেছে। এতে তার ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান। তার ধারনা মতে, বেশকিছুদিন অনাবৃষ্টি আর তীব্র গরমের পর হঠাৎ করে ভারী বৃষ্টি ফলে এই মাছ মারা যেতে পারে।#

  • স্পোর্টস কর্নারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্যা টেট্রা ফুটবল টুর্নামেন্ট ২০২৩

    স্পোর্টস কর্নারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্যা টেট্রা ফুটবল টুর্নামেন্ট ২০২৩

    পটিয়া প্রতিনিধি:
    পটিয়ার অন্যতম ক্লাব স্পোর্টস কর্নারের উদ্যোগে ‘দ্যা টেট্রা ফুটবল টুর্নামেন্ট’ ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চারদলীয় এই টুর্নামেন্টের ইতিমধ্যে যথাক্রমে শার্পশুটার,ব্রেভ ব্লুস,হেক্সা উইযার্ড এবং ফ্লেম ফিউরিস নামে চারটি দল ঘোষণা করা হয়েছে। আগামী ২২সেপ্টেম্বর পটিয়া আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
    টুর্নামেন্টে চারটি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবে নিজাম আলমদার,মইনুল ইসলাম,শিশির দে,কতুব উদ্দীন এবং অধিনায়কের দায়িত্ব পালন করছে মাহির সিরাজী,তানজির রাকিল,ইফাজ সিরাজী,মাকসুদ উর রহমান।

  • প্রাথমিক শিক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছেন ইউএনও

    প্রাথমিক শিক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছেন ইউএনও

    ময়মনসিংহ প্রতিনিধি
    তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সুযোগ পেলেই বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ছুটে যান। আর পর্যবেক্ষণ করেন পাঠদান কার্যক্রম। মতবিনিময় করেন শিক্ষক, অভিভাবক ও এলাকার জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে।

    এ সময় আলোচনায় উঠে আসা বিদ্যালয়ের সমস্যা ও তা থেকে উত্তরণের পরামর্শও দেন তিনি। শুধু পরামর্শই নয় বরং বাস্তবে সমাধান করেও দেখান। বিভিন্ন স্কুলের সংযোগ সড়ক নির্মাণ ও সংস্কার, মাঠ সংস্কার, সীমানা প্রাচীর নির্মাণ এর সাক্ষ্য বহন করা। প্রায়ই আবার শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের সময় শুরু করেন বিশেষ পাঠদান। এ সময় তার চমৎকার উপস্থাপনা আর আনন্দময় পাঠদানের ফলে শিক্ষার্থীদের মাঝেও থাকে সুনসান নীরবতা। শিক্ষক না হয়েও প্রায়ই শিক্ষার্থীদের পাঠাদানে এভাবেই শিক্ষকের ভূমিকা রাখার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত ।

    তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মিজাবে রহমত গত ২০২১ সালের ২৬ এপ্রিল যোগদান করে অদ্যাবধি ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তারাকান্দায় যোগদানের পর থেকে এখন পর্যন্ত শতাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে তার পরিদর্শন ইতিবাচক ফল বয়ে এনেছে। অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে এখন নির্ধারিত সময়ে শিক্ষকদের আগমন-প্রস্থান নিশ্চিত হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে, ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধিকরণে শিক্ষক, অভিভাবকদের সাথে পরামর্শক্রমে নিয়েছেন বিশেষ পরিকল্পনা। ইউএনওর উদ্ভাবনী ধারনা ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কল্যান তহবিল’ গঠন উপজেলায় আলোড়ন তুলেছে। এ তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা দেয়া হবে, চিকিৎসা সহায়তা দেয়া হবে এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরন সহায়তা দেয়া হবে। উঠান বৈঠক, মা সমাবেশ, অভিভাবক সমাবেশ আর শিক্ষক সমাবেশ শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিসহ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন এনে দিয়েছে।

    বিদ্যালয়গুলোতে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার (সহ-পাঠ্যক্রম) কার্যক্রম চালুর ব্যাপারে শিক্ষকদের পরামর্শ প্রদান, শিক্ষার্থীদের জন্য ক্রীড়া ও আইসিটি সামগ্রী বিতরণ, মিড-ডে মিল কার্যক্রমের জন্য টিফিন বক্স বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রতিটি বিদ্যালয়ে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাব, কম্পিউটার ক্লাব ও সংগীত ক্লাব গঠন এবং আর্ট গ্যালারী করার ব্যাপারে উদ্বুদ্ধ করে চলেছেন।যার ইতিবাচক প্রভাব পড়েছে অনেক বিদ্যালয়ে।

    এছাড়াও বিদ্যালয়ের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য ২০টিরও অধিক বিদ্যালয়ে ফুলের টব বিতরণ করার পাশাপাশি বাগান ও করার নির্দেশনা দিয়েছেন। কোনো কোনো বিদ্যালয়ে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য্য বর্ধনের জন্য রোপন করেছেন গাছের চারা। বিদ্যালয় ও শ্রেণিকক্ষগুলো রঙিন করে তুলতে দিয়েছেন নির্দেশনা। তার নির্দেশনা মেনে ইতোমধ্যে অনেক বিদ্যালয় রং তুলির আচড়ে রঙিন হয়ে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্কুলের আঙ্গিনায় থাকা অনাবাদী জমিতে সবজীর চাষাবাদের মাধ্যমে বাস্তবায়ন করে চলেছেন নিজের উদ্ভাবনী উদ্যোগ ‘সবুজ পাঠশালা’।
    ফলে শিক্ষার্থীদের চাষাবাদের অভ্যাস গড়ে উঠছে। সবুজ পরিবেশের পাশাপাশি পুষ্টিহীনতার অভাব পুরণ করতেও সক্ষম হচ্ছে শিক্ষার্থীরা।

    খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বিতরণকৃত ক্রীড়া সামগ্রী একদিকে যেমন শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করবে অন্যদিকে আইসিটি সামগ্রী কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

    উপজেলার দাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে। একজন শিক্ষাবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি নিজে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির জন্য শিক্ষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম বলেন, প্রতিটি বিদ্যালয় দৃষ্টিনন্দন ও পাঠদান কার্যক্রম গতানুগতিক ধারার বাইরে আকর্ষণীয় করে তোলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা যে ভূমিকা রেখে চলেছেন তা অভূতপূর্ব।

    উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান (বুলে ডাঃ) বলেন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত ও চালিকা শক্তি। ইউএনও হিসেবে প্রতিটি সেক্টরে আমাকে দেখতে হয়। সে হিসেবে শিক্ষার মানন্নোয়নে কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার প্রচেষ্টার ফলে যদি শিক্ষার পরিবেশ উন্নত হয় তাহলে সেটিও আমার সন্তুষ্টির জায়গা। মূলত মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে বৃষ্টি হলেই শ্রেণি কক্ষে হাঁটু পানি, ব্যাহত পাঠদান

    বাগেরহাটের মোরেলগঞ্জে বৃষ্টি হলেই শ্রেণি কক্ষে হাঁটু পানি, ব্যাহত পাঠদান

    এস. এম সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দৈন্যদশা। পূর্ণিমার অতিরিক্ত জোয়ারের পানি বৃদ্ধি ও সামান্য বৃষ্টি হলেই শ্রেণি কক্ষে হাঁটু পানি জমে যায়। এতে পাঠদান বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেই কোন নজরদারি। শিক্ষার্থী অভিভাবকদের দাবি- একটি নতুন ভবনের।সরেজমিনে উপজেলার ঐতিহ্যবাহী ১২৩নং মোরেলগঞ্জে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ সালে পৌর শহরের প্রাণ কেন্দ্রে স্থাপিত হলেও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন হয়নি। এ বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৪৩৫ জন। শিক্ষকন্ডলী র ১৭টি পদ থাকলেও কর্মরত রয়েছে ১৫ জন। ২০১৮ সাল থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য ও ১ জন সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন শিরিন আক্তার। কর্মরত ১৫ জন শিক্ষকের মধ্যে ১ জন মাত্র পুরুষ শিক্ষক। বিদ্যালয়ে ১টি মাত্র সাইক্লোন শেল্টার ভবন সেখানে শিক্ষার্থীদের দেয়া হয় পাঠদান।

    এর পাশেই ১৯৯১-৯২ ও ২০০১ সালে নির্মিত ছোট দুটি ভবনের একটি টিনসেডের ৫ কক্ষ বিশিষ্ট জরাজীর্ণ নাজুক টিন সেড ঘরে শিক্ষার্থীদের প্রাক প্রাথমিক, ৩য় শ্রেণির ২টি শাখা ও ৪র্থ শ্রেণির ১টি শাখার পাঠদান। বাকি ভবনটিতে শিক্ষকমন্ডলীর অফিস কক্ষ ও ৪র্থ শ্রেণির অন্য একটি শাখার ক্লাস নিয়ে আসছেন শিক্ষকরা। ভবন দুটির ফ্লোর অত্যন্ত নিচু, অতিরিক্ত লবনাক্ততার কারণে ফ্লোর, ওয়ালে ফাটল। ২০১৬ সালে এ বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ছিলো প্রায় ৬’শ এখন এখানে দাঁড়িয়েছে ৪৩৫ জন। দিন দিন অন্যত্র চলে যাচ্ছে শিক্ষার্থীরা। অভিভাবকদের ক্ষোভ রয়েছে এভাবে হাটু পানির মধ্যে শ্রেণিকক্ষের পাঠদান হতে পারে না। কর্মকর্তাদের নজরে কি শিক্ষার্থীদের দুর্ভোগ চোখে পড়ে না। পৌর সদরের প্রাণ কেন্দ্রে এ বিদ্যালয়ে চাকরির জন্য অন্য প্রতিষ্ঠান থেকে তদবির করে আসছেন শিক্ষকরা। কর্মকর্তারা তদবির ও বদলি নিয়ে ব্যস্ত থাকেন অন্যদিকে নজর দেবার সময় নেই।

    ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী তানভীর আলম, প্রান্তিক সাহা, অরিন্দম সাহা, ৩য় শেণীর হাবিবা, জান্নাতিসহ একাধিক শিক্ষার্থীরা বলেন, সামান্য বৃষ্টি হলেই টিন থেকে পানি পড়ে এবং জোয়ারে আমাদের ক্লাস রুমে পানি জমে যায় এর মধ্যেই কষ্ট করে ক্লাস করতে হয়। কবে হবে আমাদের নতুন ভবন।#

  • গৌরনদীতে ৬৩ বছরের বৃদ্ধা নিহতের ঘটনায় স্বামী-পুত্র আদালতে,দুই পুত্রবধু পুলিশ হেফাজতে

    গৌরনদীতে ৬৩ বছরের বৃদ্ধা নিহতের ঘটনায় স্বামী-পুত্র আদালতে,দুই পুত্রবধু পুলিশ হেফাজতে

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামে পারিবারিক কলহের জেরধরে বৃদ্ধা হেরোনা বেগম হত্যাকান্ডে জড়িত থাকার কথা থানা পুলিশের কাছে স্বীকার করায় ছেলে সুমন প্যাদা ও স্বামী হায়দার আলী প্যাদাকে ৪ অক্টোবর বুধবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য পাঠানো হয়েছে। মামলার বাদী নিহতের ভাই মনির হোসেন সিকদার অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জেরধরে হেরোনা বেগমকে তার ছোটছেলে সুমন প্যাদা ও পুত্রবুধু রাখি বেগম, তুলি বেগম প্রায়ই শারীরিক নির্যাতন করতো সোমবার রাতে বাকবিতান্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমার বোন বৃদ্ধা হেরোনা বেগমের মাথায় সীল পাটার পূতা দিয়ে আঘাত করে। মাথায় অতিরিক্ত রক্তক্ষরনের ফলে হেরোনা বেগম মারা যায়। পরে হত্যা মামলা থেকে বাঁচতে বাড়ির পাশে একটি টয়লেটের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে হাটু ভাজ করে হেরোনার লাশ ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যার কথা বলে ছেলে সুমন প্যাদা গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথায় রক্তাক্ত জখম দেখে সন্দেহ হয়। পরবর্তীতে পুলিশ নিহতের স্বামী হায়দার আলী প্যাদা, ছেলে সুমন প্যাদা, পুত্রবধু রাখি বেগম ও তুলি বেগমকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে নিহতের স্বামী হায়দার আলী প্যাদা ও ছোট ছেলে পুত্র সুমন প্যাদা প্রাথমিক ভাবে হত্যার কথা স্বীকার করায় আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও দুই পুত্রবধুু রাখি বেগম ও তুলি বেগম জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রয়েছে।

  • মধুপুরে চাঞ্চল্যকর  ৪ খুনের পর আশুলিয়ায় ৩ জনকে খুন

    মধুপুরে চাঞ্চল্যকর ৪ খুনের পর আশুলিয়ায় ৩ জনকে খুন

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মাস্টারপাড়া এলাকায় মাত্র ২০০ টাকার জন্য ২০২০সালে একই পরিবারের ৪জনকে নির্মমভাবে হত্যা করে চাঞ্চল্যের সৃষ্টি করে মধুপুরের সাগর মিয়া।
    তিন বছর পর জামিনে মুক্তি পেয়ে মাত্র চার মাসের মাথায় ঠিক একই কায়দায় তার স্ত্রী কে সাথে নিয়ে সাভার আশুলিয়া এলাকার একই পরিবারের তিনজনকে নির্মমভাবে হত্যা করেছে সাগর দম্পতি।
    গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গাজীপুরের সফিপুর এলাকা থেকে ইশিতাসহ সাগরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এই খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
    সাগর দম্পতির কাছ থেকে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে র‌্যাব বলছে, কবিরাজ সেজে ওই বাসায় যান সাগর-ঈশিতা দম্পতি। চিকিৎসার নামে পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর লুটপাট চালান তাঁরা।
    কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে তাঁরা ক্ষিপ্ত হন। এই আক্রোশ থেকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
    র‌্যাবের তথ্য মতে, বাবুল ও শাহিদা পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁদের ছেলে মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।
    বাবুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গরুড়া (ফুলবাড়ী) গ্রামে। তাঁর বাবার নাম সইর উদ্দিন।
    র‌্যাব জানায়, গত ২৮ সেপ্টেম্বর সাভারের বারইপাড়া এলাকায় একটি কবিরাজি ও ভেষজ ওষুধের দোকানে গিয়ে শারীরিক সমস্যা নিয়ে কথা বলেন বাবুল। এ সময় পাশের দোকানে চা খেতে থাকা সাগর কবিরাজ ও বাবুলের কথোপকথনে বাবুলের সমস্যার কথা জানতে পারেন।
    পরে কৌশলে বাবুলকে ডেকে নিয়ে কথা বলে সাগর বুঝতে পারেন, ভেষজ চিকিৎসায় বিশ্বাস আছে বাবুলের।
    সাগর তাঁর স্ত্রীকে একজন ভালো কবিরাজ হিসেবে তুলে ধরেন। বলেন, বাবুলের সমস্যার সমাধান তিনি করে দিতে পারবেন। চিকিৎসার জন্য বাবুলের সঙ্গে সাগরের ৯০ হাজার টাকার মৌখিক চুক্তি হয়। ওই দিন রাতেই স্ত্রীকে নিয়ে বাবুলের বাসায় যান সাগর।
    র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, সাগর তাঁর স্ত্রীকে নিয়ে ওই বাসায় ডাকাতির ফন্দি আঁটেন। পরিকল্পনামতো সাগর গাজীপুরের মৌচাক এলাকার এক ওষুধের দোকান থেকে এক বাক্স (৫০টি) ঘুমের ওষুধ কেনেন।
    খন্দকার আল মঈন বলেন, ঘুমের ওষুধ শরবতের সঙ্গে মিশিয়ে ভেষজ ওষুধ বলে বাবুলের পরিবারের সবাইকে খাইয়ে দেন তাঁরা। এতে তিনজনই অচেতন হয়ে পড়ে। এরপর সাগর ও তাঁর স্ত্রী মিলে সবার হাত-পা বেঁধে লুটপাট শুরু করেন। এক পর্যায়ে ওই হত্যাকাণ্ড ঘটান।
    এর আগে ২০২০ সালে মধুপুরে একই কৌশলে একই পরিবারের চারজনকে খুন করা হয়। ওই ঘটনায়ও সাগর জড়িত ছিলেন। সে সময় র‌্যাব-১২-এর সদস্যরা সাগরকে গ্রেপ্তার করেন।
    মাত্র ২০০ টাকার জন্য সাগর ওই খুন করেছিলেন জানিয়ে র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, এরপর সাড়ে তিন বছর কারাগারে থাকার পর চলতি বছরের জুনে জামিনে মুক্তি পান সাগর। এর চার মাসের মাথায় একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া গেল।