Category: দেশজুড়ে

  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত আল আমিন মল্লিক (৩৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আল আমিন মল্লিক (৩৩) লোহাগড়া থানাধীন চর মল্লিকপুর গ্রামের বোরহান মল্লিকের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গত (৭ জানুয়ারি) রাতে লোহাগড়া থানাধীন মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া মধ্যপাড়া সাগর সরদারের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুমন হওলাদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আল আমিন মল্লিক (৩৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • পাইকগাছায় গ্রামীণফোন কাস্টমার কেয়ার বন্ধ থাকায় চরম ভোগান্তিতে গ্রাহক

    পাইকগাছায় গ্রামীণফোন কাস্টমার কেয়ার বন্ধ থাকায় চরম ভোগান্তিতে গ্রাহক

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছায় গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন শত শত গ্রাহক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহার কারী গ্রাহকরা। সেই সাথে ভোগান্তিতে পড়েছেন নগত, বিকাশ,রকেট ব্যবহারকারী গ্রাহক। চলতি মাসের ১জানুয়ারির থেকে বিভিন্ন অনুদানের টাকা গ্রামীণফোন সিমের নগদ একাউন্টে ঢোকায় বিপাকে পড়েছে ভাতা ভোগী গ্রাহক। গত ডিসেম্বর মাসের ১০ তারিখ থেকে উপজেলার পৌর সদরের সেটেলমেন্ট অফিস সংলগ্ন গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার বন্ধ থাকায় গ্রাহকরা সেবা নিতে পারছেন না।পাইকগাছা পৌর সদর থেকে জেলা শহর ৬৬ কিলোমিটার হওয়ায় জেলা শহর থেকে সেবা নেওয়া অসম্ভব হয়ে পড়ে।ভুক্তভোগীরা বলছেন তাদের ভাতার টাকা গ্রামীণফোন সিমের নগদ একাউন্টে ঢুকছে কিন্তু সিম নষ্ট হয়ে যাওয়ায় সিম রিপ্লেসমেন্ট করতে পারছেন না। উক্ত বিষয়ে পাইকগাছা গ্রামীনফোন কাস্টমার কেয়ার সেন্টারের সত্ত্বাধিকারী আলমগীর হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • পাইকগাছায় হত্যা চেষ্টার মামলায় ১০৭ আসামীর বিরুদ্ধে সিআইডির আদালতে অভিযোগপত্র দাখিল

    পাইকগাছায় হত্যা চেষ্টার মামলায় ১০৭ আসামীর বিরুদ্ধে সিআইডির আদালতে অভিযোগপত্র দাখিল

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

    খুলনার পাইকগাছায় ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হককে হত্যা চেষ্টার মামলায় সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানসহ ১০৭ আসামীর বিরুদ্ধে সিআইডি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন।

    সোমবার পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানীন্তে অভিযোগপত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী সুরেশ চন্দ্র রায়। তিনি আরো জানিয়েছেন আলোচিত এ মামলায় থানা পুলিশ ও পরবর্তীতে পিবিআই তদন্ত শেষে ১ নং আসামী’ ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী’সহ ৭৮ জনকে অব্যাহতি দিয়ে ৪৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এর বিরুদ্ধে দু’দফায়ও নারাজি দিলে আদালত তৃতীয়বারের মত অধিক তদন্তের জন্য সিআইডি’কে নির্দেশ প্রদান করেন। সশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে ২৭ মার্চ সকালে সোলাদানার বেতবুনিয়া মসজিদের সামনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান গাজী ও স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী এসএম এনামূল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে এনামুল হক সহ অনেকেই রক্তাক্ত জখম হন।

    উক্ত মারপিটে মান্নান গাজীর কর্মী-সমর্থকদের হাতে তার নির্বাচনী কর্মী কিশোর কুমার মন্ডল, মুজিবর গাজী, আলম সরদার, মোস্ত সরদার, পলাশ মণ্ডলসহ ৩৬ জন আহত হয়। তবে ইউপি চেয়ারম্যান এস এম এনামুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুঁপিয়ে গুরুতরভাবে জখম করা হয়। মারপিটের এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফাঁকা গুলি চালিয়ে গুরুতর আহতাবস্থায় এনামুলসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও পথে আহতরা আবারো হামলার শিকার হন। এ হামলায় পার্শ্ববর্তী বাড়ি-ঘর, ২৫/৩০টি মোটরসাইকেলসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ ঘটনায় এসএম এনামুল হক বাদী হয়ে গত ৩০ মার্চ আব্দুল মান্নান গাজীকে ১নং আসামী করে ১২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন, যার নং-৩৩। এ মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম গত ৩১ অক্টোবর-২১তারিখে মামলার ১ নং আসামী মান্নান গাজীসহ ৭৮ জনকে অব্যাহতি দিয়ে ৪৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এর বিরুদ্ধে নারাজি দিলে আদালত পিবিআই’কে পুনঃতদন্তের নির্দেশ দেয়। গত ১৬ জুলাই-২৩ তারিখে একই বর্ণনায় পিবিআই তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর হযরত আলী আদালতে চার্জশিট দাখিল করলে এর বিরুদ্ধেও নারাজি দেওয়া হয়।

    আদালত সর্বশেষ সিআইডি’কে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত সম্পন্ন করে সিআইডি’র সাব ইন্সপেক্টর অমিত সন্ন্যাসী উক্ত মামলার ১নং আসামী আব্দুল মান্নান গাজীসহ ১০৭ জনকে অভিযুক্ত করে গত ১৯ নভেম্বর-২৪ তারিখে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। বাদী এনামুল হক জানান, অধিক তদন্তে ১ নং আসামি আব্দুল মান্নান গাজী চার্জশিটে নাম থাকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

  • পাইকগাছায় তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন,খড় জালিয়ে শীত নিবারণের চেষ্টা

    পাইকগাছায় তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন,খড় জালিয়ে শীত নিবারণের চেষ্টা

    ইমদাদুল হক, পাইকগাছা ( খুলনা )।।

    খুলনার পাইকগাছায় হিমশীতল বাতাস ও তীব্র ঠান্ডা, ঘণ কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। তীব্র ঠান্ডা নিবারণে গ্রামগঞ্জে বয়স্ক নারী পুরুষ খড় জালিয়ে শীত নিবারন করছে। পৌষ মাসে দিন দিন বেড়েই চলেছে শীতের তীব্রতা। কয়েক দিন ধরে রাতের তাপমাত্রা ক্রমশই বাড়ছে, আবার কমছে। আর এমন অবস্থায় কনকনে শীতে সাধারণ মানুষ যেন কাহিল হয়ে পড়ছে।অন্যদিকে শীত ও ঠান্ডায় ঘণকুয়াশার কারনে ভোরে মাঠে কাজ করা দিনমজুর ব্যাক্তিরা কাজে বাহির হতে হিমশিম খাচ্ছে। শীত বস্ত্রের অভাবে অতি কষ্টে রাত দিন পার করছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষগুলো। এক সপ্তাহ ধরে সুর্য্যের দেখা না মেলায় ঠান্ডা বেশি অনুভূত হয়েছে।,কয়েকদিন পরে আজ দেখা মিললো সূর্যের, কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষজন।তবে ঠান্ডা উপেক্ষা করে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষজন কাজে বের হলেও প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কষ্টে আছে তারা। তবে এ উপজেলায় কুয়াশার দাপট বেসি থাকার কারনে গ্রামগঞ্জে রাস্তা দিয়ে তেমন গাড়ী চলাচল নাই বল্লেচলে। হিমেল বাতাসে স্থবির জনজীবন। চাঁদখালী ইউপির উত্তর গড়ের আবাদ গ্রামে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করতেও দেখা গেছে বৃদ্ধা, বয়স্ক নারী, বাচ্ছা অনেকের। এ দিকে ক্রমশই বাড়ছে শীতের তীব্রতা। তাই অল্প দামে গরম কাপড় কিনতে সব বয়সী নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে। উপজেলার কপিলমুনি, বাকা বাজার, চাঁদখালী বাজার, গড়ইখালী বাজার, জিরো পয়েন্টসহ উপজেলা সদরের বিভিন্ন জায়গায় স্থায়ী ও অস্থায়ী কম দামের গরম কাপড়ের দোকান বসছে। এসব দোকানে দেখা গেছে ছোট-বড় সব বয়সীর গরম কাপড় বিক্রি করতে।সরজমিনে দেখা গেছে, কম দামের গরম কাপড়ের পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। ভোর থেকেই দেখা গেছে এসব দোকানে ক্রেতাদের ভীড়। চা বিক্রেতা মোস্তফা সানা বলেন, বাজারের বড় দোকান থেকে বেশি টাকা দিয়ে গরম কাপড় কিনতে পারি না। শীত থেকে রক্ষা পেতে তাই এই ফুটপাতের কম দামের দোকানে এসেছি। ফুটপাত দোকানি রাজ্জাক বলেন, আমাদের দোকানে সাধারণত স্বল্প আয়ের মানুষ আসেন। যাদের নামি-দামি দোকান থেকে বেশি টাকা দিয়ে নতুন গরম কাপড় কেনার সামর্থ্য নেই তারাই আসেন আমাদের দোকানে। দেখা গেছে, এসব দোকানেও ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ।নাম না বলা শর্তে অনেকেই জানান, এ ধরনের পোশাক মার্কেটে ৫-৬’শ টাকার নিচে পাওয়া যাবে না। গরিব মানুষের জন্য ফুটপাতই ভরসা।এদিকে ফুটপাতের ব্যবসায়ীদের ভাষ্য, প্রতিদিন সন্ধ্যার পর বেচাকেনা বেশি হয়। এবং প্রতিদিন এখানে ৫ থেকে ১০ হাজার টাকার কাপড় বিক্রি হয়। তাদের কাছে এটি ‘গরিবের হাট’ হিসেবে পরিচিত।আবার নাম না বলা শর্তে অনেক অসহায় শীতার্ত মানুষদের সাথে কথা বলে জানা যায়, তারা চেয়ে আছেন সমাজের বিত্তবানদের দিকে একটি গরম কাপড়ের আশায়। অন্যদিকে শীতের তীব্রতা বাড়ার কারণে ঠান্ডা জনিত রোগের মাত্রাও বেড়ে চলেছে।চিকিৎসকরা জানান, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগীর সংখ্যাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এদের মধ্যে অধিকাংশই শিশু।

  • পুঠিয়ায়  যুবলীগ নেতা সেলিম গ্রেফতার

    পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম গ্রেফতার

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পুঠিয়া সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং পালোপাড়া গ্রামের মৃত. বেলায়েত হোসেনের ছেলে। বুধবার (৮জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
    থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত যুবলীগ নেতা সেলিম পুঠিয়ার শীর্ষ সন্ত্রাসীদের একজন। সে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। এছাড়াও তার বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকন্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকান্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
    এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত সেলিম ধারালো অস্ত্র কাঁধে নিয়ে এলাকায় ঘুরাফেরা করতো। নাশকতার মামলায় তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    মাজেদুর রহমান( মাজদার)
    পুঠিয়া, রাজশাহী।

  • পঞ্চগড়ের বুড়াবুড়ি ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যক্ত জমিতে সবজি চাষ

    পঞ্চগড়ের বুড়াবুড়ি ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যক্ত জমিতে সবজি চাষ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন ভুমি অফিসের পরিত্যক্ত জমিতে বিভিন্ন ধরনের শাক-সবজির আবাদ করছেন ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা আসাদুজ্জামান। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিষমুক্ত সবজির বাগান করে সর্ব মহলের কাছে প্রশংসিত হচ্ছেন তিনি। এই উদ্যোগের ফলে ইউনিয়ন ভূমি অফিসের সদস্যসহ আশপাশের গরিব অসহায় ব্যক্তিদের খাবারের চাহিদা অনেকাংশে পূরণ হচ্ছে।

    মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পরিত্যক্ত জায়গায় সহকারি কমিশনার (ভুমি) এর নির্দেশনায় ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান, অফিস সহায়ক আব্দুল লতিফ ও ইসরাইল আলী এই সবজি বাগান গড়ে তুলেছেন। এদিকে বড় পরিসরে না হলেও সীমিত পরিসরে গড়ে তোলা এই সবজি বাগানে রয়েছে লাউ, শালগম, স্কোয়াশ, নাপা শাক, শিম, পুইশাক, গাজর, মুলা, মিষ্টিকুমড়া, মরিচ, আলুসহ নানা জাতের সবজি রয়েছে এই বাগানে। ভূমি অফিসের এই উদ্যোগে বদলে যাচ্ছে দৃশ্যপট।

    ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা কালদাসপাড়া গ্রামের মকলেছার রহমান ও চৌধুরীপাড়া গ্রামের আমিরুল ইসলাম বলেন, এটি একটি ভালো উদ্যোগ। অফিসের পরিত্যক্ত জমিতে বিভিন্ন প্রকার শাক সবজি দেখে খুব ভালো লাগলো। এই সবজির বাগানে ভূমি অফিসটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আগে এই জমিটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

    ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল লতিফ বলেন, আমাদের সকলের একটু উদ্যোগী হওয়া উচিত। অন্যান্য অফিসের আশপাশের পরিত্যক্ত জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করা প্রয়োজন। এতে করে অফিসের সকল সদস্যদের চাহিদা মিটিয়ে গরিব অসহায় ব্যক্তিদের সহযোগিতা করা যাবে।

    এ বিষয়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জায়গাটা অনেকটা পরিত্যক্ত ও গর্ত ছিল। আমরা এখানে মাটি দিয়ে সমান করে বিভিন্ন সবজি চাষ করেছি। আগামীতেও আমরা এভাবে সবজি চাষ করবো যেন আমাদের নিজের খাওয়ার চাহিদা পূরণসহ আশপাশের যারা গরিব লোক আছে তাদেরকে এই শাক সবজি দিতে পারি তারা যেন উপকৃত হয় এজন্যই মূলত এখানে চাষ করা।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে  ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (০৮ জানুয়ারী) বাদ জোহর উপজেলার দুবলাগাড়ি হাফেজিয়া মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে শাজাহানপুর উপজেলা ছাএদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকোর বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি- আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সহ-সভাপতি মুঞ্জিল আলম শিপন, ইমতিয়াজ আহমেদ পায়েল, আবু বক্কর,নূর মোহাম্মাদ, যুগ্ম সম্পাদক জিহাদ হোসেন,সেলিম পারভেজ, ইনসান আলী, রাকিবুল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,খন্দকার মাহি,গোলাম মোর্তুজা,মনির হোসেন,মেহেদী হাসান,আজমির হোসেন,নাইম ইসলাম,মিরাজ মোহন,সোহাগ হোসেন সহ নেতৃবৃন্দ।
    দোয়া পরিচালনা করেন অত্র হাফেজিয়া মাদরাসার প্রধান মোহতামিম মাওলানা মোহাম্মাদ শহিদুল ইসলাম ।

  • নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে  ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন

    নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই স্লোগান নিয়ে
    নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় ও বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে যুবসমাজকে উজ্জীবিত করতে ২০২৫ সালে যুবদের নতুন স্বপ্নে জাগিয়ে তোলতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সহযোগিতায়, তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে
    ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে।

    বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে টাউন হলে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেন, আজকের এই নতুন বাংলাদেশ যেটা দেখছি সেটা তরুণদের বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, তারপর অনেক চড়াই উৎরাই জুলাই বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। আমি শ্রদ্ধা জানাই সেই বীর সেনানিদের, শ্রদ্ধা জানাই ছাত্র-জনতাকে, যারা আপন কলিজার রক্ত দিয়ে এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছেন।

    তিনি বলেন, তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। আমরা তরুণদের অগ্রাহ্য-অবহেলা করতে পারি না। তাঁদের উপরই ভরসা রাখতে চাই, যখন দেখি এই তরুণরাই দূর্গত মানুষের পাশে এসে দাঁড়াই তখন আশান্বিত হই। আনন্দে চিৎকার দিয়ে বলি এই তরুণরাই পারবেন। আমাদের রাজনীতি, আমাদের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে তরুণদের। কাজেই আমরা তারুণ্যের উৎসবে প্রতিজ্ঞা করতে চাই, তরুণদের মতেই আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।

    জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ জাবেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ, জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শ্রী বকুল সূত্রধর মানিক, সমন্বয়ক মো: আশিকুর রহমান প্রমুখ।

    অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন স্তরের নাগরিক-সহ গণমাধ্যমকর্মী।

  • আশুলিয়ায় তিতাস গ্যাসের প্রায় দুই কিলোমিটার অবৈধ সংযোগ সংযোগ বিচ্ছিন্ন

    আশুলিয়ায় তিতাস গ্যাসের প্রায় দুই কিলোমিটার অবৈধ সংযোগ সংযোগ বিচ্ছিন্ন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার দিয়াখালি তাজপুর এলাকায় তিতাস গ্যাসের প্রায় ৬ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    বুধবার (৮ জানুয়ারি ২০২৫ইং) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার দিয়াখালি তাজপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

    ঢাকার আশুলিয়া তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন এর নেতৃত্বে উক্ত এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    এসময় ২কিলোমিটারজুড়ে প্রায় ৬০০ বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ রাইজার ও চুলা জব্দ করা হয়। এই কাজে তিতাসের প্রায় ৮৫ জন শ্রমিক অংশগ্রহণ করেন।

    এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে আশুলিয়ার এসব এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ইউসুফ মার্কেট ও তাজপুর এলাকার প্রভাবশালীরা গ্যাসের দালাল চক্র। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন।

    তিতাসের প্রকৌশলী: আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন বলেন, আশুলিয়ার সবগুলো অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। তিনি আরো বলেন, নিয়মিত এ অভিযান চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

    এসময় সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (জোবিঅ) এর ব্যবস্থাপক আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    উক্ত অভিযানে সার্বিক নিরাপত্তায় ছিলেন ঢাকা জেলা পুলিশের (এসআই) মোঃ হেলাল উদ্দিনের সঙ্গীয় ফোর্স।

  • ফুলবাড়ীয়ায় ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আটক

    ফুলবাড়ীয়ায় ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আটক

    মো.সেলিম মিয়া।।
    ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম আকন্দ (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার পুটিজানা ইউনিয়নের কমলাপুর সেনবাড়ি এলাকার মকরম আলী আকন্দের ছেলে।

    অভিযোগ সুত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক তার নিজ বাড়ির পাশে ‘আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা’ নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তা পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুবাদে ওই ছাত্রীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন। এ অবস্থায় ৪ মাস আগে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। গত ২ জানুয়ারি রাতে মেয়েটি কন্যাসন্তান প্রসব করে। বিষয়টি রহস্যজনক হওয়ায় তার স্বামী তাকে তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন। আর এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। মেয়েটি তার পরিবারকে জানায়, শিক্ষক নজরুল ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সবশেষ গত বছরের ২৭ ফেব্রুয়ারি সকালে আরবি পড়ার
    জন্য মাদ্রাসায় গেলে তিনি তাকে আবার ধর্ষণ করেন। আর এতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

    এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ‘মাদ্রাসা শিক্ষক ওই মেয়েকে ব্ল‍্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।’