Author: desk

  • ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে

    ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক রোমানা আফরোজ এ আবেদন মঞ্জুর করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট পরিদর্শক আব্দুর রহিম মোল্লা জানান, আব্দুস সালাম হত্যা মামলায় সিআইডির পক্ষ থেকে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের হেফাজতে রেখে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।অন্যদিকে তরিকুল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ বাবুকে রিমান্ডের আবেদন করে সদর থানা পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুজনকে পুলিশ হেফাজতে রেখে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি কোরআন অবমাননার প্রতিবাদ ও ইসলামবিদ্বেষী ব্লগারদের ঔদ্ধত্যপূর্ণ লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করেন ওলামা-মাশায়েখরা। ওই সময় তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়।এতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এই ঘটনায় চলতি বছরের ২৬ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ ৭০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনের নামে সদর থানায় মামলা করা হয়। উল্লেখ্য, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ( কলকাতার সঞ্জিভা গার্ডেনে হত্যার ঘটনা ঘটে) আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৩০৪ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৩০৪ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৩০৪ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ১২.১০ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় ও র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০৪ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০৩টি মোবাইল ফোন ও নগদ ৫১১০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ সিহাব আলী (৩০), পিতা-মোঃ উজ্জল আলী, সাং-পরমন্দপুর, ওয়ার্ড নং-০৯, ২। মোছাঃ সেলিনা বেগম (৩৫), পিতা-মৃত বাদশা আলী, সাং-মাদারপুর, ওয়ার্ড নং-০৩, উভয়ের থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ¦য়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

    উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩ ডিসেম্বর সকাল ১১ টায় উজিপুর উপজেলা মিলনায়তনে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এ কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।পর্যায়ক্রমে  উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪২৬১ জন রেজিস্টার শিশুর মাঝে এ কম্বল বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় সিআরএসএস এর নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা। কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার এনিমিতা বৈরাগীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও বরিশাল এসিও এর এ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উজিরপুর এপি  সস্পন্সরশীপ অফিসার পলাশ রঞ্জন সরকার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, শিকারপুর কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সিনথিয়া তন্বী,পল্লব জয়ধর প্রমুখ।

  • বরগুনায় জাতীয় আগাম কার্যক্রম বিষয়ক সিমুলেশন অনুষ্ঠিত

    বরগুনায় জাতীয় আগাম কার্যক্রম বিষয়ক সিমুলেশন অনুষ্ঠিত

    খাইরুল ইসলাম মুন্না (বরগুনা) প্রতিনিধি

    বরগুনা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এ সিমুলেশন অনুষ্ঠিত হয়।

    সোমবার (০২ ডিসেম্বর) সকালে জেলার পাথরঘাটা উপজেলায় বাদুরতলা গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)’র পরিচালক আহমাদুল হক, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আতিকুল ইসলাম, পাথরঘাটার উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচাল ড. শামীম হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক শাহজাহান সাজু, পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা কৃষি কর্মকতা সহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার প্রতিনিধিবৃন্দ।

    উক্ত সিমুলেশন এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপি স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করে বিভিন্ন চরিত্রের মাধ্যমে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো ফুটিয়ে তোলেন, যাতে করে স্থানীয় মানুষজন এ থেকে শিক্ষা লাভ করতে পারে এবং ঘুর্ণিঝড়ের পূর্ব মুহুর্তে তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হয়।

  • পর্যাপ্ত খেজুর গাছ না থাকায় গাছিরা পরিবর্তন করেছে পেশা

    পর্যাপ্ত খেজুর গাছ না থাকায় গাছিরা পরিবর্তন করেছে পেশা

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার পলাশবাড়ীতে প্রায় পুরোপুরিই হারিয়ে গেছে ঐতিহ্যবাহী খেজুর গাছ ও খেজুরের রস। শীত মৌসুম এলেই এক সময়ে গ্রাম-বাংলার প্রতি ঘরে ঘরে খেজুরের রস দিয়ে ফিরনি,পায়েস, খেজুর রসের গুড় দিয়ে ভাঁপা পিঁঠা এবং গাড় রস দিয়ে তৈরী করা মুড়ির মোয়া,চিড়া,খই ও চিতই পিঠাসহ হরেক রকম পিঠাপুলির মহোৎসব চলতো। কিন্তু আগের মতো আর গ্রামে বাড়ি বাড়ি কিংবা গ্রামের রাস্তা ঘাটের দু’পাশে সারি সারি খেজুর গাছ দেখা মেলা ভার। গ্রামের রাস্তাগুলো সংস্কার ও নতুন করে খেজুর গাছ রোপনে মানুষের আগ্রহের অভাবে বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ ও খেজুরের রস ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তবে এখনও রাস্তার আশেপাশে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নামমাত্র কিছু সংখ্যক খেজুর গাছ। আর রস আহরণে এখনো গ্রাম্য রীতিতেই ঝুঁকি নিয়েই কোমরে রশি বেঁধে শীতের বিকালে ছোট-বড় মাটির হাঁড়ি গাছে বেঁধে রেখে পরের দিন সকালে তা নামিয়ে রস সংগ্রহ করেন গাছিরা। আগে তারা এই কাঁচা রস এলাকার বিভিন্ন স্থানে ও হাট-বাজারে পাড়া মহল্লায় বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করতো। আবার কেউ কেউ সকালে রস জ্বাল দিয়ে গুড়-মিঠাই তৈরি করতো। প্রতিবছর এই মৌসুমে অযত্নে-অবহেলায় পথে প্রান্তরেও পরে থাকা খেজুর গাছের রস ও গুড় বিক্রি করে বাড়তি টাকা উপার্জন করতো তারা।
    কিন্তু বর্তমানে পর্যাপ্ত খেজুরের গাছ না থাকায় গাছিরাও তাদের এই পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

    বর্তমানে খেজুরের গাছ বিলুপ্তীর দ্বার প্রান্তে চলে যাওয়ায় উপজেলা কৃষি দপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং আমাদের সকল নাগরিকদেরকে বাড়ির আসেপাশে খেজুর গাছ রোপণ করা এখন সময়ের দাবি। এতে করে আগামী প্রজন্মও ফিরে পাবে ঐতিহ্যবাহী খেজুর গাছ ও খেজুরের রস।।

  • মধুপুরে প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মধুপুরে প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
    প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং সুইড প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, পরেশ হাগিদক অটিস্টিক বিদ্যালয়ের যৌথ সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে
    মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে মধুপুর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    মধুপুর উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মুসলিমা আকতার মাসুদা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
    সুইড প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেরামত আলী ও মামুনুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মো. জামালুল করিম। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন সুইড প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
    অনুষ্ঠান শেষে ১৫ টি হুইল চেয়ার, ৩ টি ফুলডিং ওয়াকার, ২ টি টয়লেট চেয়ার, ১ কর্নার চেয়ার, ৩৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ও টিফিন কক্স প্রদান করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।

  • মোরেলগঞ্জ হাইকোর্টের আইনজীবী  মোস্তাফিজুর রহমান (জিকো) বাড়িতে ডা-কাতি

    মোরেলগঞ্জ হাইকোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান (জিকো) বাড়িতে ডা-কাতি

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সভার ৪নং ওয়ার্ড  এক আইনজীবীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে ওই আইনজীবীর মা,বোন ও বোনের ছেলের গলায় ধারালো অস্ত্র ধরে প্রায় ৩০ হাজার নগদ টাকা ও আনুমানিক ৬ ভরি  স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল রাত আনুমানিক ২টায় মোরেলগঞ্জ পৌর সভা পূর্ব সরালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    মোঃ ঐক্য (১৬) জানান, ডাকাতদের  হাতে  ধারালো অস্ত্র ছিল।আমার হাত বেঁধে আমাকে রুমের মধ্যে বসিয়ে রেখে আমার আম্মু ও নানুর গলায় ধারালো অস্ত্র ধরে সব কিছু নিয়ে যায়।

    এ সময় এ্যাড. মোস্তাফিজুর রহমানের মা বলেন, আনুমানিক ২ টা থেকে ভোর ৪টা পযন্ত ৬জনের ডাকাত দল মুখে মাক্স দিয়ে ঘরের ভিতর ঠুকে ধারালো অস্ত্র গলায় ধরে হাত বেধে আমার এবং আমার মেয়ের গলার হার,চেইন,আংটি,রুলিসহ প্রায় ৬ভরি স্বর্ণ ও নগদ প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। তবে অবাক করা বিষয় হচ্ছে ডাকাত দলের মধ্যে ১জনের ব্যবহার খুব ভাল ছিল এবং যাওয়ার সময় আমার কাছে মাফ চেয়ে যায়। 

    এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান,তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন,তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

  • আলহাজ্ব এম. এ রহিম সাহেবের ৪র্থ মৃত্যুবার্ষিকী উদযাপিত

    আলহাজ্ব এম. এ রহিম সাহেবের ৪র্থ মৃত্যুবার্ষিকী উদযাপিত

    প্রেস বিজ্ঞপ্তি।।
    পটিয়া উপজেলাধীন আলহাজ্ব এস. এম নাছিমা বেগম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব এম. রহিম’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পবিত্র খতমে কুরআন ও খতমে গাউছিয়া শরীফের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার সাবেক সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান বলেন, মরহুম আলহাজ্ব এম. এ রহিম শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না। তিনি দ্বীন, মিল্লাত ও মাজহাবের খেদমত করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে নিজেকে মহান উচ্চতায় নিয়ে গেছেন।মাদ্রাসার সুপার মুহাম্মদ এরফানুল করীম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সুপার মুহাম্মদ আবু ছরওয়ার,মাওলানা নুর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা জিয়াউল হক আনসারী, মাওলানা আনোয়ারুল আজীম, মাস্টার মহিউদ্দিন প্রমূখ।

  • বিএনকেএস আয়োজনে ঐতিহাসিক আদিবাসী নারীদের ঘিলা খেলা অনুষ্ঠিত

    বিএনকেএস আয়োজনে ঐতিহাসিক আদিবাসী নারীদের ঘিলা খেলা অনুষ্ঠিত

    থানচি (বান্দরবান) প্রতিনিধি:মথি ত্রিপুরা

    “নারীর মর্যাদা রক্ষা, আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে বিএনকেএস আয়োজনে ডিয়াকোনিয়া সহযোগিতায় ঐতিহাসিক আদিবাসী নারীদের অংশগ্রহণে ঘিলা খেলা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকালে বলিপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং পাড়ার প্রাঙ্গণে ঐতিহাসিক আদিবাসী নারীদের অংশগ্রহণে ঘিলা খেলা অনুষ্ঠিত হয়। গোলাপ দল বনাম কৃষ্ণচূড়া দল মধ্যকার ১১ জন বিশিষ্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হয়ে দীর্ঘ ৩ ঘন্টার পর কৃষ্ণচূড়া দল বিজয় হয়।

    আদিবাসীদের ঐতিহাসিক ঘিলা খেলা বিজয়ী কৃষ্ণচূড়া নারী দলকে খেলার আয়োজক প্রতিষ্ঠান বিএনকেএস উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাব সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, বিএনকেএস প্রকল্প পরিচালক ভাননুন সিয়াম বম, থানচি প্রেসক্লাব সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ক্যসাপ্রু মারমা ও বিএনকেএস বলিপাড়া অফিস কর্মকর্তা উবাথোয়াই মারমা প্রমুখ।

    এছাড়া নাইক্ষ্যং পাড়া জনসাধারণের মধ্যে নারী-পুরুষ ও বিএনকেএস এনজিও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

  • যমুনার চর কেটে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ- ভেকু ও ট্রাকসহ পাইপ ভাঙচুর

    যমুনার চর কেটে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ- ভেকু ও ট্রাকসহ পাইপ ভাঙচুর

    আল আমিন শোভন
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি।।

    শুকনো মৌসুমে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চরাঞ্চলের কৃষকদের রোপন করা ফসলি জমির বালুমাটি অবৈধভাবে কেটে তা বিক্রির মহোৎসবে মেতে উঠেছে কিছু অসাধু বালু ব্যবসায়ী। এসব বালুমাটি রাতের আঁধারে প্রশাসনের আড়ালে ট্রাকযোগ অবাধে বিক্রি করছেন তারা। ফলে স্থানীয় কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

    মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বালু উত্তোলনের প্রতিবাদে উপজেলার বলরামপুর, তারাই ও গারাবাড়ি এলাকার ক্ষতিগ্রস্থ স্থানীয়রা ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের গারাবাড়ী এলাকায় সড়কে আগুন ধরিয়ে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

    এ খরব পেয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের তিনিও একই আশ্বাস দেয়।

    এরআগে সকালে স্থানীয় লোকজন তারাই স্কুল মাঠে সমবেত হন। পরে সেখান থেকে এলাকাবাসী গারাবাড়ী এলাকায় অবৈধ বালুঘাটে গিয়ে বালু উত্তোলনের বেশ কয়েকটি ভেকু (মাটিকাটার যন্ত্র), একটি ড্রাম ট্রাক ও পাইপ ভাঙচুর করে বিক্ষোভকারীরা। পরে পাইপগুলো মহাসড়কে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেন তারা।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ক্ষতিগ্রস্থ কৃষক জানান, স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা আনোয়ার হোসেন ওরফে সুইট, মোজাম্মেল হোসেন ও যুবদল নেতা টিপুর নেতৃত্বে এই বালুঘাটটি পরিচালনা হতো। তাদের একাধিকবার বাধা দিলেও শোনেনি। তারা রাতের আধারে আমাদের ফসলি জমি কেটে অবাধে বালু বিক্রি করে।

    এছাড়াও ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার তারাই, কুঠিবয়ড়া, অর্জুনা, জগৎপুরা ও নলিন এলাকার বেশ কয়েকটি পয়েন্টে যমুনা নদীতে বাঁধ দিয়ে ও পানি উন্নয়ন বোর্ডের গাইড ভেঙে গাড়ি চলাচলের রাস্তা তৈরি করে চর কেটে বালু বিক্রি করছে এবং স্থানীয় প্রভাবশালীরা এসব বালুর ঘাট নিয়ন্ত্রণ করছে।

    তারাই গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক রজমান আলীসহ অনেকে বলেন, যমুনা নদী শুকিয়ে যাওয়ার পর বিএনপি নেতাদের নেতৃত্বে বালু কাটা শুরু হয়েছে। দিন-রাত ভেকু দিয়ে বালু কেটে ট্রাকযোগে বিক্রি করছে। এতে ফসলি জমি কেটে নিচ্ছে তারা। এছাড়া এভাবে নদীর চর কাটায় পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বর্ষা মৌসুমে।

    স্থানীয় সিফাত বলেন, যেভাবে বালু কাটা হচ্ছে তাতে আগামী বন্যায় ঘরবাড়ি ভেঙে যাবে। আমাদের জমিও কেটে নিচ্ছে। বাঁধা দিলেই হুমকি দেওয়া হয়। স্থানীয় বিএনপির নেতারা জোরপূর্বক বালু উত্তোলন করছে। প্রশসানের কাছে দাবি, বালু উত্তোলন বন্ধে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করব।

    তারাই এলাকার বিএনপি নেতা আনোয়ার হোসেন সুইট বলেন, আমি কিছু বলতে পারব না। অপর বিএনপি নেতা মোজাম্মেল বলেন, স্থানীয়দের দাবির বিষয়টি উর্ধ্বতন নেতাদের জানানো হয় এবং তাদের মানববন্ধন না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। এরপরও সড়ক অবরোধ এবং ঘাটের ভেকু ও গাড়ি ভাঙচুর করেছে তারা।

    এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর বালু ঘাট বন্ধে আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নেন। বালু উত্তোলনে জড়িতদের বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন অভিযোগ পেয়েছি স্থানীয়দের কাছ থেকে। এছাড়া সড়ক অবরোধ ও বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধে তাদের আশ্বাস দেওয়া হয়।