Author: desk

  • মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড

    মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি-

    মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

    ১২ জানুয়ারী (রোববার ) বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলা পশ্চিম মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় দেখা গেছে খোলা অবস্থায় যত্রতত্র বর্জ্য ফেলে রেখে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১২(ক) বিধি লঙ্ঘন করায় এবং নির্মান সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১১(খ) বিধি লঙ্ঘন করায় একই বিধিমালার ১৭ বিধি মতে প্রত্যেক অপরাধের জন্য আইনে নির্ধারিত সর্বোচ্চ ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট। এছাড়া ৬ মাসের মধ্যে বায়ু দূষণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার সময়সীমা বেধে দেওয়া হয়।এসময় কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমানকে উক্ত দন্ড আরোপ করা হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশের অপর স্পেশাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন ও মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনের দুটি পুলিশ দল।

  • বানারীপাড়ায় যুবলীগ নেতার পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

    বানারীপাড়ায় যুবলীগ নেতার পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল তালুকদারকে (৪৫) পিটিয়ে পা ভেঙ্গে দেওয়াসহ গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, রোববার (১২ জানুয়ারী) সকাল ১০টার দিকে উজ্জ্বল তালুকদার উপজেলার সলিয়াবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুপুত্রকে ক্লাস করতে দিয়ে ওই গ্রামের বাড়িতে ফেরার পথে স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে সোহেল ও হাসানের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল পাইপ ও লাঠি দিয়ে তাকে বেধরক পিটিয়ে আহত করে। এতে তার ডান পা ভেঙ্গে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে বানারীপাড়া ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা বিএনপির সমর্থক বলে আহত উজ্জ্বল তালুকদার জানান। হামলাকারীদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে জমির বিরোধে নিয়ে একটি শালিসীর ঘটনায় উজ্জ্বল তালুকদারের ওপর সোহেল ও তার ভাইয়েরা ক্ষুদ্ধ ছিলেন। এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • তরুনদের উপার্জিত  বিপ্লবের চেতনা সরকার ও বিএনপি ধারণ করতে পারেনি-ড.মাহমুদুর রহমান

    তরুনদের উপার্জিত বিপ্লবের চেতনা সরকার ও বিএনপি ধারণ করতে পারেনি-ড.মাহমুদুর রহমান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    সাবেক জ্বালানি উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন-বিগত সময়ে আলেমদের উপর সবচেয়ে বেশী অত্যাচার করা হয়েছে, কিন্তু কোন মিডিয়ায় প্রকাশ তা হয়নি।তরুনদের মাধ্যমেই অসাধারণ বিপ্লব সাধিত হয়েছ।
    একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন দেশ পেয়েছি। সেই বিপ্লবের চেতনা সরকার ও বিএনপি ধারণ করতে পারেনি। সরকারের উচিৎ ছিল ক্ষমতায় বসার পর দেশে শুদ্ধি একটা অভিযান করা। তা না করে হঠাৎ পণ্যের ওপর ভ্যাট বাড়িয়ে দিয়েছেন। তা বাড়ানোর আগে পরামর্শের প্রয়োজন ছিল। যেখানে গরীবের কষ্ট হবে না সে জায়গায় ভ্যাট বাড়ানো উচিৎ ছিল।

    তিনি বলেন, ওষুধের ওপর কেন ভ্যাট বাড়ালেন, কারণ বিপ্লবের চেতনা ধারণ করতে পারেন নাই। এগুলো হল এ সরকারের দুর্বলতা।

    শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সংগঠন আস-সিরাজ আয়োজিত ২০১৩ সালে শাপলা চত্বরে ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    তিনি আরও বলেন, ২০১৩ সালে যারা শহীদ হয়েছিলেন আমরা অনেকেই মনে করেছিলাম আন্দোলন বিফলে গেছে। কিন্তু না সেই আন্দোলনের বিজয় ২০২৪ সালে এসেছে, তাদের বিপ্লব সফল হয়েছে তাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে। সেই আদর্শ ধারণ করে ১১ বছর পর শিক্ষার্থীদের মাধ্যমে ভারতের সাম্রাজ্যবাদের পতন হয়েছে।

    শেখ হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদমুক্ত হয়নি দেশ। কারণ যারা তাকে ফ্যাসিবাদ হতে সহায়তা করেছিল তারা এখন আওয়ামী লীগের বদলে অন্য দলের ওপর সওয়ার হবে। তাদের প্রতিহত করতে হবে। আমাদের বিভাজনের রাজনীতিকে কবর দিতে হবে। তার উত্থান হতে দেয়া যাবে না। সেই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন বিদেশি শক্তিকে অভ্যন্তরীণ রাজনীতিতে কুক্ষিগত করতে দেয়া হবে না।

    আস সিরাজ ফাউন্ডেশনের উপদেষ্টা ও চেয়ারম্যান অধ্যাপক মুফতি মুহিববুল্লাহর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লুৎফর রহমান, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ মাহাদী, ড. আতিক মুজাহিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া।

    অনুষ্ঠানে শহীদ ১৫ জন পরিবারের সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়। পরে জাগরণী সংগীত অনুষ্ঠিত হয়।

  • সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত কনস্টেবলদের স্থগিত হওয়া সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

    সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত কনস্টেবলদের স্থগিত হওয়া সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে রবিবার সকালে (১২ জানুয়ারি) প্রশিক্ষণরত কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

    ১৬৭তম ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের ৩৩৪ জনকে পাসিং আউট দেওয়া হয়। এর আগে ১৯ ডিসেম্বর তাঁদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তাঁদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল।

    সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভূঞা।
    এ ছাড়া তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করেন।

    প্রশিক্ষণে ৩৩৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সাজ্জাদুল ইসলাম বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয় ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে সুমন আলী বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ এবং পৌরব চন্দ্র রায়
    বেস্ট শ্যুটার নির্বাচিত হন।

    সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, গত বছর ২৪ জুন থেকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে ৩৪২ জন কনস্টেবল সারদায় প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। গত ১৯ ডিসেম্বর তাঁদের প্রক্ষিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে গত ৩ জানুয়ারি অজ্ঞাত কারণে আটজনকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। পরে ১২ জানুয়ারি সমাপনী কুচকাওয়াজের তারিখ নির্ধারণ করা হয়।

    নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভূঞা বলেন, একটি স্বনির্ভর রাষ্ট্রের মূল ভিত্তি হল দেশের স্থিতিশীলতা। বাংলাদেশ পুলিশের নির্ভীক সদস্যগণ দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাউন্ড দ্যা ক্লক কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে।বহির্বিশ্বেও শান্তি রক্ষা মিশনে ভূমিকা রেখে চলেছে। কর্ম পরিধি বৃদ্ধির সাথে সাথে দায়বদ্ধতা বেড়েছে বাংলাদেশ পুলিশের। এজন্য বাংলাদেশ পুলিশকে তাদের সেবা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • হবিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন  নিরাপত্তাহীনতায় তার পরিবার

    হবিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন নিরাপত্তাহীনতায় তার পরিবার

    এস মশিউর,
    হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া (মধ্যপাড়া) গ্রামে নিজস্ব টাকায় কালভার্ট নির্মাণ ও তা দিয়ে চলাচল করতে না দেয়ায় সৌদি প্রবাসী পরিবারকে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। এ বিষয়ে রোববার সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রিনা বেগম নামে এক নারী। তিনি সংবাদ সম্মেলনে বলেন, তার স্বামী আবু মিয়া, দীর্ঘ ২৪ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছেন।
    তাদের বসতবাড়ির প্রবেশমুখে ডিসি খতিয়ানের একটি খালে বাঁশের সাকো দিয়ে ঝুঁকি নিয়ে তার পরিবারের শিশুসহ সকলেই খাল পারাপার হয়। এতে প্রায় সময় দুর্ঘটনাও ঘটেছে। তিনি এই খালে কালভার্ট নির্মাণের জন্য ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দারস্থ হলে তারা নিজের টাকা দিয়ে কালভার্ট নির্মাণ করার পরামর্শ দেন।
    ২০১৩ সালে ওই নারীর পরিবার বসবাসের জন্য পাকা বসতঘর নির্মাণ করার পরের বছর মেম্বার-চেয়ারম্যানের সাথে পরামর্শ করে নিজেদের অর্থায়নে ৪ লক্ষ টাকা ব্যায় করে কালভার্ট নির্মাণ করা হয়।
    তিনি আরও বলেন, বাড়ির প্রবেশপথে নিজের অর্থায়নে কালভার্ট নির্মাণ করার পরও প্রতিবেশী মৃত দেওয়ান আলীর পুত্র সোহেল মিয়া (৪০), মৃত মল্লাজ মিয়ার পুত্র মো. শানু মিয়া (৫০),
    সুরুক মিয়া চৌধুরীর পুত্র মো. আবজল চৌধুরী (৩৫),
    মৃত আরজু মিয়ার পুত্র হাবিব মিয়া (৫৫) সহ ৫/৬টি পরিবার কালভার্ট দিয়ে গায়ের জোরে চলাফেরা করে আসছে। এমনকি রাতের বেলা সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন নিয়েও চলাফেরা করে। বাঁধা দিলে তিনি ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি একাধিক বার তিনি ও তার পরিবারকে মারপিট করেছে। এ ব্যাপারে মাধবপুর থানা ও হবিগঞ্জ আদালতে হবিগঞ্জ নারী-শিশু ট্রাইব্যুনালে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তারা ওই নারী ও তার পরিবারকে হুমকি-ধামকি দিয়ে আসছে। তিনি পরিবার নিয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আরশেদ, সম্পাদক তাইজুল

    চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আরশেদ, সম্পাদক তাইজুল

    শাহে আলম।।
    পাবনার চাটমোহর থেকে ফিরে বড়াইগ্রাম প্রতিনিধিঃ

    প্রায় দেড় দশক পর অনুষ্টিত হলো পাবনার চাটমোহর পৌর বিএনপির কাউন্সিল। শনিবার (১১ জানয়ারি) চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বিকেল আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

    সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে আসাদুজ্জামান আরশেদ পান ২৪২ ভোট, এ এম জাকারিয়া পান ২৩০ ভোট ও আনোয়ার হোসেন মাসুম পান ০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রার্থী তৌহিদুল ইসলাম তাইজুল পান ২৮৩ ভোট ও এ্যাড.সাঈদুর রহমান পান ১৮১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে জিয়ারুল হক সিন্টু ২২৭, আব্দুল মুত্তালিব ১৪১, রকিবুল ইসলাম মিলু ৬২ ও লিটন আলী পান ২৬ ভোট।

    ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে আরশেদ আলী, সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম তাইজুল ও সাংগঠনিক সম্পাদক পদে জিয়ারুল হক সিন্টু বিজয়ী হন।

    কাউন্সিল উদ্বোধন করেন পাবনা-৩ এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে.এম আনায়ারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বি এন পি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। সভাপতিত্ব করেন চাটমোহর পৌর বিএনপির আহবায়ক এ এম জাকারিয়া।

    এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুসহ পাবনা জেলা বিএনপি, চাটমোহর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    ইতিপূর্বে তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা ও যাঁচাই বাছাই করা হয়। প্রচার প্রচারণা ও গণসংযোগ করেন প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।

    এ নির্বাচনে ২১ জন ভিঅইপি ভোটারসহ মোট ভোটার ছিলেন ৫৯৫ জন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পাবনা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি এ্যাড. মির্জা আজিজুর রহমান, এ্যাড. আব্দুল আজিজ, এ্যাড. ইসমাইল হোসেন খাঁন টিপু ও মোঃ আলাউদ্দিন সরকার।

    উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ মে চাটমোহর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পৌর বিএনপি’র সাবেক সভাপতি এ এম জাকারিয়াকে আহ্বায়ক ও অ্যাডভোকেট সাইদুর রহমানকে সদস্য সচিব করা হয়। সর্বশেষ ২০১০ সালে চাটমোহর পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে এ এম জাকারিয়া সভাপতি, নুরুল করিম আরোজ খান সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট সাইদুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

  • নাটাব কুমিল্লার সাধারণ সম্পাদক হলেন শাহাজাদা এমরান

    নাটাব কুমিল্লার সাধারণ সম্পাদক হলেন শাহাজাদা এমরান

    স্টাফ রিপোর্টার।।
    সাংবাদিক,সংগঠক,মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও টকশো উপস্থাপক শাহাজাদা এমরান বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি(নাটাব) কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
    আজ রোববার বিকালে নাটাব কুমিল্লার নির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে নাটাব কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহানকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরানকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে ১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করতে অনুরোধ করা হয়।
    সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।

    উল্লেখ্য, সাংবাদিক শাহাজাদা এমরান গত ১৭ বছর ধরে কুমিল্লায় যক্ষ্মা রোগ প্রতিরোধে অনন্য ভুমিকা পালন করে আসছেন। যক্ষ্মা রোগ প্রতিরোধ আন্দোলনে বিশেষ অবদান রাখায় শাহাজাদা এমরানকে ২০১৩ সালে নাটাব কুমিল্লা থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

  • ১কোটি মানুষের প্রাণের দাবী নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে  লক্ষ্মীপুরে মানববন্ধন

    ১কোটি মানুষের প্রাণের দাবী নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

    নাজিম উদ্দিন রানা : ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয় “নোয়াখালীর স্বনামেই” নোয়াখালীকে বিভাগ ঘোষনা ও বাস্তবায়নের দাবিতে অতীতের ন্যায় আবারো উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালীর ভ্রাতৃপ্রতীম জেলা লক্ষ্মীপুর।

    নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত লক্ষ্মীপুরবাসী ।

    আজ রবিবার (১২ই জানু) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালীর ১কোটি মানুষের প্রাণের এ দাবিতে মানববন্ধন সমাবেশ ও জেলা প্রশাসক রাজীব কুমার সরকারকে মাধ্যম করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সম্মিলিত লক্ষ্মীপুরবাসী ও বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

    এসময় লক্ষ্মীপুরের বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষনা ও বাস্তবায়নের দাবিতে মিছিলে আর স্লোগানে সমগ্র জেলা শহরকে প্রকম্পিত করে তোলেন।

    মানববন্ধনে বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন, ধনে, মনে, জনে , ইতিহাস, ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ ২০০ বছরের পুরনো জেলা আমাদের নোয়াখালী।

    ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৬ ভাগ নিয়ন্ত্রণ করছে । এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষ্যিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুনীর জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার।

    তিনি আরোও বলেন, নোয়াখালীর গনমানুষের অনুমতি ছাড়া কিংবা গনশুনানী ছাড়া যদি কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষনা করা হয় তাহলে বৃহত্তর নোয়াখালীবাসী কখনোই তা মেনে নিবেনা। প্রয়োজনে ঢাকার বুকে বিভাগের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি দেয়া হবে। আর বিভাগ বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা হয় তাহলে নোয়াখালীর তরুন প্রজম্ম প্রয়োজনে আদালতের শরনাপন্ন হবে। তবুও নোয়াখালীকে বিভাগের ঘোষনা না নিয়ে ঘরে ফিরবে না।

    এসময় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সমন্বয়ক কামালুর রহিম সমর, এড.সামসুল ফারুক,
    নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের ঢাকাস্থ সমন্বয়ক মোঃ শাহজালাল,বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়ক সময় মুরাদ, সমন্বয়ক মোঃ খোরশেদ আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

  • নাগেশ্বরীতে রাস্তাকে কেন্দ্র করে গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ

    নাগেশ্বরীতে রাস্তাকে কেন্দ্র করে গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:
    নাগেশ্বরী পৌরসভার ৯নং ওয়ার্ড ডায়নারপাড় ত্রিমোহনী এলাকায় রাস্তাকে কেন্দ্র করে গ্রামের নেতার নির্দেশে বেলাল হোসেনের গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ এবং বিল্ডিং ঘরের কিছু অংশ ভাংচুরসহ বসতবাড়ীতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

    সরেজমিনে গিয়ে জানাগেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ও পৌরসভার ৯নং ওয়ার্ড ডায়নারপাড় ত্রিমোহনী এলাকায় দীর্ঘ ৭বছর থেকে ৪১গজ রাস্তাকে কেন্দ্র করে বেলাল হোসেন গং এবং পেশেন আলী গংদের বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে বিগত সময় সাবেক মেয়র আব্দুর রহমান মিয়া ও মোহাম্মদ হোসেন ফাকুসহ স্থানীয়রা কয়েক দফায় শালিসি বৈঠকে সমাধান করে। কিন্তু পেশেন আলী গংরা স্থানীয় শালিস অমান্য করে ক্ষমতার দাপটে রাস্তার জায়গা দখল করে আসছেন।

    সম্প্রতি, পেশেন আলীর ছোট ভাই আজিজুল হক ঢাকায় থাকার সুবাধে সড়যন্ত্রমূলক (১১জানুয়ারি) শনিবার ঢাকা শিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট পরিচয়ে রায়হান পারভেজ ও আরিফুর রহমান এবং স্থানীয় জাহিদুল হক, আলম মাস্টার ও নুরুজ্জামালের উপস্থিতে পেশেন আলী গংরা বাদী পক্ষ বেলাল হোসেনকে না জানিয়ে প্রভাব খাটিয়ে উক্ত ময়নামতি ল্যান্ড সার্ভেসারের মাধ্যমে বিধি-বহির্ভুতভাবে ডিজিটাল মেশিন সাইনবোর্ড এলাকার মানুষকে দেখিয়ে ভুলভাল-ভাবে জমি মাপজোগ করে পেশেন আলীর পক্ষে সম্মতি দেয়। সেদিনই বিকাল ৫টায় স্থানীয় জাহিদুল হক, আলম মাস্টার ও নুরুজ্জামালের নির্দেশে পেশেন আলী, আজিজুল হক, শাহাজাহান আলী ও আব্দুর রউফ, শেফালী বেগম, মরিয়ম বেগম সংঘবদ্ধ চক্ররা অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বেলাল হোসেনের বাঁশের বেড়া গুড়িয়ে দিয়ে সুপারি, আম, কাঠাল গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ করে এবং বিল্ডিং ঘরের কিছু অংশ ভাংচুরসহ বসতবাড়ীতে হামলা চালায়।

    স্থানীয়রা আব্দুল ওয়াদুদ, নজরুল ইসলাম, আলতাফ হোসেনসহ আরও অনেকে বলেন, বেলাল হোসেনদের না জানিয়ে স্থানীয় জাহিদুল হক, আলম মাস্টার ও নুরুজ্জামালের উপস্থিতে পেশেন আলী গংরা ময়নামতি ল্যান্ড সার্ভেসারের মাধ্যমে ভুলভাল-ভাবে জমি মাপজোগ করে পেশেন আলীর পক্ষে কথা বলেন। সেদিনই বিকাল ৫টায় পেশেন আলী, আজিজুল হক, শাহাজাহান আলী ও আব্দুর রউফ, শেফালী বেগম, মরিয়ম বেগম সংঘবদ্ধ চক্ররা অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বেলাল হোসেনের বাঁশের বেড়া গুড়িয়ে দিয়ে সুপারির, আম, কাঠাল গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ করেন এবং বিল্ডিং ঘরের কিছু অংশ ভাংচুরসহ প্রাণনাশের হুমকি প্রদান করেছেন।

    হামলাকারী আজিজুল হক বলেন, ৭বছর থেকে রাস্তা নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে। ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের সার্ভেসার রায়হান পারভেজ ও আরিফুর রহমানের মাধ্যমে আমরা রাস্তা মাপজোগ করে রাস্তা সংলগ্ন বেলাল হোসেনের বাঁশের বেড়া ভেঙে দিয়ে স্থানীয়দের উপস্থিতে রাস্তা বের করেছি।

    ক্ষতিগ্রস্থ পরিবারের বেলাল হোসেন বলেন, আমাদের না বলে বিরোধী পক্ষ জোরপূর্বক ঢাকা থেকে সার্ভেসার এনে স্থানীয়দের সহযোগিতায় সড়যন্ত্রমূলক ভুলভাল মাপজোগ করে আমার বসতবাড়ীর পশ্চিম বিল্ডিং ঘর সংলগ্ন পেশেন আলী সংঘবদ্ধ চক্ররা অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে আমার বাঁশের বেড়া গুড়িয়ে দিয়ে সুপারি, আম, কাঠাল গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ করেন এবং বিল্ডিং ঘরের কিছু অংশ ভাংচুরসহ বসতবাড়ীতে হামলা চালায়। প্রশাসনের কাছে আমি সুষ্ঠ বিচার দাবি করছি।

    নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ বেজাউল করিম রেজা বলেন, ঘটনা জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, বেলাল হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • বরিশালে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণের ক্ষেত্রে ভুয়া তথ্য দেওয়া ৬০ হাজার টিসিবি কার্ড বাতিল

    বরিশালে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণের ক্ষেত্রে ভুয়া তথ্য দেওয়া ৬০ হাজার টিসিবি কার্ড বাতিল

    কে এম সোহেব জুয়েল,বরিশাল
    চার মাস পর ডিসেম্বরের শেষের দিকে শুরু হয়েছে টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রয়। এ কারণে বরিশাল নগরী থেকে শুরু করে জেলার প্রতিটি উপজেলায় লাইন ধরে পণ্য সংগ্রহ করছেন উপকারভোগীরা। তবে চলতি মাস থেকে টিসিবি স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণের ক্ষেত্রে বাদ যাবে ভুয়া তথ্য প্রদানকারীরা।

    সে ক্ষেত্রে মোট উপকারভোগীদের চার ভাগের তিন ভাগ বাদ যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) বরিশাল কার্যালয় সূত্র। ভুয়া তথ্যের টিসিবি কার্ড বাতিলের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন উপকারভোগীরা। সে ক্ষেত্রে যারা দরিদ্র সীমার নীচে বসবাস করছেন তাদের নতুন করে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে।

    বরিশাল নগরীতে মোট উপকারভোগী রয়েছে ৯০ হাজার। এর মধ্যে ৬০ হাজারের স্মার্ট কার্ড আসেনি। এছাড়া জেলার ১০ উপজেলায় বর্তমানে উপকারভোগীর সংখ্যা এক লাখ ২৯ হাজার ৯২১ জন। ৯১ জন ডিলারের মাধ্যমে উপকারভোগীদের মাঝে তিনটি পণ্য বিতরণ করা হচ্ছে। ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি চাল যার বাজার মূল্য প্রায় ৯০০ টাকা। উপকারভোগীরা তা পাচ্ছেন মাত্র ৪৭০ টাকায়।

    নগরীর চাঁদমারী এলাকায় টিসিবির পণ্য উত্তোলন করতে আসা কাসেম, বাদলসহ একাধিক উপকারভোগী বলেন, ভুয়া তথ্যের কারণে একটি পরিবারে চার থেকে পাঁচটি কার্ড রয়েছে। সে ক্ষেত্রে যারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত ছিল সেই পরিবার থেকে শুরু করে তাদের আত্মীয়-স্বজনের বাড়িতেও এভাবে কার্ড বিতরণ করা হয়েছে। এ কারণে প্রকৃত দরিদ্ররা টিসিবির পণ্য পাচ্ছেন না।

    বিশেষ করে ৩০ ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে এ কার্ড থাকায় তারা তাদের ইচ্ছেমত কার্ড বিতরণ করেছেন। তারা এ কার্ড দিয়ে ভোটার বাগিয়েছেন। একইসঙ্গে বিভিন্ন নামে কার্ড করে তা তাদের কাছে রেখে দেন। পরে তারা সেই কার্ড নিকটজনকে অথবা অর্থের বিনিময় বিক্রি করেন। এ কারণে যারা এ পণ্য পাওয়ার উপযোগী ছিল তারা না পেয়ে যারা তিনবেলা বাজার করে চলেন তাদের ঘরে গেছে।

    তাদের অভিযোগ, কাউন্সিলর থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতারাও এ কার্ড বাণিজ্যে মেতে ছিলেন। এ কারণে ভুয়া তথ্যে বেশি কার্ড বিতরণ হয়েছে। বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটির সাধুবাদ জানিয়েছেন তারা। ওই সব ভুয়া কার্ড বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে যারা এতদিন কার্ড পাননি সেই ধরনের দরিদ্র পরিবারে একটি করে স্মার্ট কার্ড দেওয়ার দাবি তোলেন।

    চাঁদমারী এলাকার ডিলার মিজানুর রহমান জানান, তার অধীনে বর্তমানে ২১০০ উপকারভোগী কার্ডধারী রয়েছেন। এ মাসে মাত্র ৬০০ উপকারভোগী স্মার্ট কার্ডের অধীন পণ্য পাবেন। এর মূল কারণ হচ্ছে, বেশির ভাগ কার্ডে ভুল তথ্য দেওয়া। আবার অনেক কার্ডের ঠিকানা ভুল, এমনকি পিতার নামও সঠিক না। এ ছাড়া একই পরিবারে একাধিক কার্ডের সন্ধান পেয়েছে তথ্য যাচাইকারীরা। এ কারণে ওই সব কার্ড বাতিল করে ৬০০ কার্ড অনুমোদন পেয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

    নগরীর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিব আরাফাত জানিয়েছেন, ওই ওয়ার্ডে তিন শতাধিক কার্ড ছিল। যাচাই-বাছাইতে বেশিরভাগ কার্ড বাতিল করা হয়েছে। সেখান থেকে কিছু কার্ড দেওয়া হয়েছে। তবে তা বিতরণের তারিখ নির্ধারণ করা হয়নি। কার্ড বাতিলের খবরে তার সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন- বাতিল হলে কীভাবে কার্ড করা যাবে। বিষয়টি তার জানা নেই বলে জানিয়ে দেন। এ কার্ড আসার পর যারা সত্যিকারার্থে দরিদ্রসীমার নিচে বসবাস করছে তাদের পরিবার থেকে আবেদন সংগ্রহের পরিপ্রেক্ষিতে কিছু কার্ড দেওয়ার সম্ভাবনা আছে।

    এ বিষয়ে টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মন্ডল বলেন, এ মাস থেকে স্মার্টকার্ডে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। এতে কাজটি আরও স্বচ্ছতার সঙ্গে হবে। স্মার্ট কার্ড করার আগে উপকারভোগীদের তথ্য-উপাত্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়েছে। তিনি আরও জানান, যাচাইয়ে বেরিয়ে এসেছে একই পরিবারের একাধিক কার্ড। নামে-বেনামে কার্ড থাকায় তিন ভাগের দুই ভাগ কার্ড বাতিল করা হয়েছে। তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে যাদের সঠিক পাওয়া গেছে তাদের নামেই স্মার্টকার্ড তৈরি হচ্ছে। স্ব-স্ব ওয়ার্ডের দায়িত্বে থাকা সচিবদের মাধ্যমে এ কার্ড বিতরণ করা হবে।