হেলাল শেখঃ ঢাকার সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধের দর্শনার্থী ও পথচারীরা বলছেন, স্মৃতিসৌধের গেটের দুই পাশের ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানোয় চলাচলে চরম ভোগান্তি হচ্ছে, প্রশাসন নিরব ভূমিকায়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৫টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাভারের নবীনগর এলাকায় স্মৃতিসৌধ সংলগ্ন মহাসড়কের ফুটপাত জুড়ে বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়েছে। এতে পথচারীরা বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
এছাড়া স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখলকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত চাঁদা আদায় করছে। অনেক হকার নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিন বা সাপ্তাহিক ভিত্তিতে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয়। অভিযোগ রয়েছে, চাঁদা না দিলে দোকান বসাতে বাধা দেওয়া হয় কিংবা উচ্ছেদের ভয় দেখানো হয়।
পাশাপাশি অতিরিক্ত ভিড়ের সুযোগে পকেটমার, চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন কয়েকজন পথচারী। বিশেষ করে ছুটির দিন ও বিকেলের সময় দর্শনার্থীদের ভিড় বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই জাতীয় স্থাপনার আশপাশের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। নিয়মিত মনিটরিং, ফুটপাত উচ্ছেদ অভিযান এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে পরিস্থিতির উন্নতি সম্ভব বলে তারা মত দেন।

Leave a Reply