জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে লক্ষ্মীপুরে সংসদ সদস্য নির্বাচিত যে অভিজ্ঞরা

নাজিম উদ্দিন রানা লক্ষীপুর।।
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। পরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৮১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলম পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বিএনপির আবুল খায়ের ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট। আবুল খায়ের ভূঁইয়া ১২ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০২ ভোট। এ্যানি ১২ হাজার ৮১০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন নিজান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ আর হাফিজ উল্লাহ পেয়েছেন ৭৩ হাজার ৭৫৬ ভোট। ৪১ হাজার ৪৪৩ ভোটের বড় ব্যবধানে আশরাফ উদ্দিন নিজান বিজয়ী হন।
এদিকে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে অনুষ্ঠিত গণভোটে মোট ৬ লাখ ১৫ হাজার ৯৭৮ ভোট পেয়ে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে। অপরদিকে ‘না’ ভোট পড়েছে ২ লাখ ৫০ হাজার ৭৪৯টি।
এদিকে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তারেক রহমানের নির্দেশে আনন্দ মিছিল না করে চকবাজার মসজিদে আয়োজন করা দোয়ায় অংশ নেন এ্যানি। এসময় রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়বো। এটি একটি কঠিন দায়িত্ব। এ দায়িত্ব নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য সবার কাছে ও পাশে রেখে দেশকে এগিয়ে নিতে হবে।
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ্যানি বলেন, ‘শান্তিপূর্ণভাবে, স্বাভাবিক জীবনযাপনে সবাই মিলেমিশে থাকতে হবে।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা যুবদল সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *