স্টাফ রিপোর্টারঃ
প্রশাসনের কড়া নিরাপত্তায় সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে
ময়মনসিংহ সদর-৪ আসনে ১৭৯টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান এমরুল পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৮০ ভোট। এতে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ৭ হাজার ৭৮৭ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।
১৭৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়। নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
জয়ের পর প্রতিক্রিয়ায় আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ বিজয় ময়মনসিংহ সদরবাসীর। আমি সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।
তিনি দলীয় নেতা-কর্মী-সমর্থক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আবু ওয়াহাব আকন্দ বলেন, “আমার প্রতি জনগণ ব্যালটের মাধ্যমে যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন, তা অটুট রাখতে আমি বদ্ধপরিকর। নির্বাচনী মাঠে জনতার যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তার ঋণ পরিশোধ করতে আমি অক্ষম। তবে জনগণের প্রতিনিধি হিসেবে সবার সহযোগিতা নিয়ে আগামী পাঁচ বছর ময়মনসিংহ-৪ আসনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।”
তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। সবার লক্ষ্য ছিল অবহেলিত এই জনপদের উন্নয়ন। আগামী দিনের উন্নয়ন প্রচেষ্টায় আপনাদের আন্তরিক সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস করি।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিজয়ের আনন্দে আত্মহারা না হয়ে জনগণ কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রস্তুতি নিন। জনগণের মধ্যে বিভেদ নয়, ঐক্য গড়ে তুলুন। মহান আল্লাহ আমাদের সকলকে উত্তম প্রতিদান দিন।
অপরদিকে পরাজিত প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান এমরুল বলেন, তিনি ফলাফল পর্যালোচনা করবেন এবং দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, ময়মনসিংহ-৪ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।।

Leave a Reply