ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনেই বিএনপি জয়ী

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন।

ব্যালট পেপার ও পোস্টাল ভোট গণনা শেষে রাত আটটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

২১৫ গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ):
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ প্রতীকে ৬৯ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী মো. কাবির মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৩২৯ ভোট। যদিওবা তিনি একাধিক মামলায় দীর্ঘদিন যাবত কারাবন্দী রয়েছেন। কারাগারে থেকেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।

২১৬ গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ):
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, সাবেক এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এইচ খান মঞ্জু হরিণ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া): বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ৯৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৩৯ ভোট।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গঠিত প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান নিজে উপস্থিত থেকে এ ফলাফল ঘোষণা করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত জেল প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার প্রতিনিধি সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ভোট গ্রহণকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ সম্পন্ন হওয়ায় জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথবাহিনী, আনসার ও ব্যাটালিয়ন, গণমাধ্যমকর্মী সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ-জামান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *