আজিজুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের নুরুজ্জামান লিটনকে বড় ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা আজিজুর রহমান। এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত এবং নজরকাড়া উপস্থিতি ছিল আলোচনার কেন্দ্রে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ। ঘোষিত ফলাফল অনুযায়ী মাওলানা আজিজুর রহমান (জামায়াতে ইসলামী): ১,১৭,৩৭৭ ভোট (বিজয়ী) নুরুজ্জামান লিটন (বিএনপি): ৯২,৯৯৫ ভোট (নিকটতম প্রতিদ্বন্দ্বী) বখতিয়ার রহমান (ইসলামী আন্দোলন): ১,৭৪১ ভোট জাহাঙ্গীর আলম চঞ্চল (জাতীয় পার্টি): ১,৩৬৭ ভোট
মাওলানা আজিজুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান লিটনের চেয়ে ২৪,৩৮২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শার্শা উপজেলা একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১,৫৫,৮২৩ জন এবং পুরুষ ভোটার ১,৫৫,৮০৭ জন। এছাড়াও ৩ জন হিজড়া ভোটার রয়েছেন।
নির্বাচনী মাঠ পরিদর্শনে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি ছিল। বিশেষ করে কিশোর বা প্রথমবার ভোট দিচ্ছেন এমন তরুণ এবং নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশ থাকায় ভোটাররা স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান, “তেমন কোনো অভিযোগ, অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।”

Leave a Reply