এস. এম. সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি
নির্বাচনী উত্তাপে সরগরম বাগেরহাট–৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসন। সেই উত্তাপের মধ্যেই মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর আয়োজিত এক বিশাল জনসভা রূপ নেয় জনসমুদ্রে। সভায় দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন। একই সঙ্গে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলার ১৬ নম্বর খাওলিয়া ইউনিয়নের এসপি রাশেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, জামায়াত ইসলামী নির্বাচিত হলে একটি ন্যায়–ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে। তিনি বলেন, “হিন্দু ভাই–বোন ও মায়েরা তাঁদের ইজ্জত, সম্ভ্রম ও নিরাপত্তা নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন—যেমন একটি শিশু তার মায়ের কোলে নিরাপদ থাকে।”
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে চাঁদাবাজি, লুটতরাজ, জমি দখল, ঘের লুট এবং সংখ্যালঘুদের সম্পদ লুণ্ঠনের মতো অপরাধ চলে আসছে। এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, জনগণ আর লুটেরাদের হাতে নেতৃত্ব দেখতে চায় না এবং সাধারণ মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে।
আগামী দিনের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এমন একটি নেতৃত্ব চাই, যা ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলবে। হিন্দু–মুসলিম–বৌদ্ধ সবাইকে সঙ্গে নিয়ে মোরেলগঞ্জ–শরণখোলা তথা বাংলাদেশকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে জামায়াত প্রার্থী বলেন, ছাত্র–জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হচ্ছে। তবে সুবিধাভোগী একটি গোষ্ঠী সেই স্বপ্ন নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত বলে তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, এতে স্থানীয় রাজনীতিতেও বিরূপ প্রভাব পড়েছে।
উন্নয়ন প্রতিশ্রুতির বিষয়ে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, নির্বাচিত হলে সন্ন্যাসী–কলারন ফেরি চালু এবং সন্ন্যাসী থেকে পল্লী মঙ্গল পর্যন্ত মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
ডা. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক শহিদুল ইসলাম, প্রধান নির্বাচনী এজেন্ট হাফেজ সুলতান আহমেদ, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, পৌর জামায়াত সভাপতি মাস্টার রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মহিবুল্লাহ তালুকদার ও যুব জামায়াতের উপজেলা সভাপতি শফিউল আজমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ন্যায়–ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন – আব্দুল আলীম

Leave a Reply