র‍্যাবের নাম ও পোশাক বদলাচ্ছে সরকার নতুন নাম হবে “স্পেশাল ইন্টারভেনশন ফোর্স”

হেলাল শেখ: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্থাটির নতুন নাম রাখা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএ)। নাম ও পোশাকের পাশাপাশি বাহিনীর কাঠামো ও কার্যক্রমেও পরিবর্তন আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে।নিষেধাজ্ঞার আওতায় পড়া কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদও ছিলেন,যার যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এদিকে ২০২৪ সালের ১জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর একটি তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়। পাশাপাশি নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দীর্ঘদিন ধরেই র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছিলো।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশন তাদের সুপারিশে জানায়, পুলিশের জবাবদিহি নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে র‍্যাবের অতীত কার্যক্রম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যালোচনা করে এর প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা জরুরি।

সেই প্রেক্ষাপটেই এই বিশেষায়িত বাহিনীর নাম, পোশাক ও কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *