বাজার তদারকিতে ম্যাজিস্ট্রেটকে বাধা ও হুমকির প্র-তিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রমজানে বাজার তদারকির সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি ও ‘মব’ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেতারা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান।

ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া দীর্ঘদিনের সমস্যা। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। তিনি বলেন, “বাজার মনিটরিং শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি জনস্বার্থ রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতা। সেই দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।”

লিখিত বক্তব্য পাঠ করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি দেওয়া এবং মব সৃষ্টির চেষ্টা করা আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা কেবল একজন কর্মকর্তার প্রতি অবমাননা নয়; এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসনের জন্য অশনিসংকেত। অসাধু ব্যবসায়ীরা সংগঠিত হয়ে প্রশাসনিক কার্যক্রমে বাধা দিলে ভোক্তাদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।” তিনি অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা জানান, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজার থানার অধীন মৌলভীবাজার এলাকায় দ্রব্যমূল্য তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি প্রতিষ্ঠানের অনিয়ম প্রমাণিত হওয়ায় মেসার্স দেওয়ান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গত ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজিপ্রতি পাঁচ টাকা বৃদ্ধির বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ক্রয়মূল্য বেশি বলে দাবি করলেও পণ্য ক্রয়ের কোনো ক্যাশ মেমো দেখাতে পারেননি।

অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী ভূট্টো নামের এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং অন্য ব্যবসায়ীদের ডেকে মব সৃষ্টির চেষ্টা করেন। দোকানপাট বন্ধের ঘোষণাও দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *