আজিজুল ইসলামঃ যশোরের শার্শার পল্লীতে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলামিন নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আলামিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি একজন পল্লী চিকিৎসক। ঘটনার সময় তিনি তারাবী নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তবে, তিনি জানতে পেরেছেন নামাজ পড়ে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

Leave a Reply