এম এ আলিম রিপন,সুজানগরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। ধানের শীষ প্রতীকে তিনি ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী কে এম হেসাব উদ্দিন দঁাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট। এই ব্যবধানের জয়ে এলাকার মানুষের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে এবং এখন সেলিম রেজা হাবিবকে মন্ত্রী করার জোর দাবি উঠেছে। চায়ের দোকান, হাট-বাজার ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পর্যন্ত আলোচনা চলছে। সেলিম রেজা হাবিব ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাশ করেন। এরপর পাবনা আমিন উদ্দিন কলেজ থেকে এলএলবি অর্জন করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যুক্ত হন। ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকাকাল থেকেই তিনি নেতৃত্ব প্রদর্শন করেছেন। ১৯৯০ সালে প্রথমবার ভোটের মাধ্যমে সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত সব জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নব্বই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১/১১ এবং পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি বহুবার জেলে ভুগেছেন এবং নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন। বিশিষ্ট সমাজ সেবক কমল খান জানান, সেলিম রেজা হাবিবের আকাশচুম্বী জনপ্রিয়তা আর জনবান্ধব নেতৃত্ব এবং ক্লিন ইমেজের নেতা হিসেবে তিনি এলাকায় এবং রাজনৈতিক অঙ্গনে বেশ খ্যাতি অর্জন করেছেন। তিনি একজন নীতিবান পরিচ্ছন্ন নেতা। বিগত সময়ে সংসদ সদস্য থাকাকালীন সন্ত্রাস, চঁাদাবাজমুক্ত উন্নয়নের সুজানগর-বেড়া উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যে সততার পরিচয় দিয়েছেন, তাতে জেলার সব শ্রেণিপেশার মানুষ তার প্রতি সন্তুষ্ট। সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে সেলিম রেজা হাবিব তার জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন। সুজনগর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম যোগ করেন, মন্ত্রিসভায় স্থান দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের মানুষের আশা পূরণ হবে। এলাকার সর্বস্তরের মানুষ ও দলের নেতাকর্মীরা একযোগে তার মন্ত্রিত্বের দাবি তুলছেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি।।

Leave a Reply