হেলাল শেখ: ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে জাল জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ও অন্তত ১৫ মামলার পলাতক আসামি কুখ্যাত যুবলীগ ক্যাডার রবিউল ইসলাম ওরফে রবি (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়ি থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান।
গ্রেপ্তার রবিউল ইসলাম রবি আশুলিয়ার চারিগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। তিনি পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, রবিউল ইসলাম জাল জালিয়াতি মামলার দুটি ধারায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। ভোররাতে এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, জাল জালিয়াতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পতিত স্বৈরাচার সরকারের আমলে রবিউল ইসলাম জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে এবং অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের জায়গা-জমি দখল করতেন। তার বিরুদ্ধে জমি দখল, নারী ধর্ষণ, হত্যা চেষ্টা ও চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস হামলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে—জানায় পুলিশ।

Leave a Reply