আশুলিয়া ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডিইপিজেড রাস্তায় দীর্ঘ যানজটে পথচারীদের ভো-গান্তি

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-এর ডিইপিজেড সংযোগ রাস্তায় দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন পোশাক শ্রমিকসহ সাধারণ পথচারীরা। স্থানীয়দের দাবি, এ যানজট এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

জানা গেছে, পবিত্র রমজান শুরুর পর থেকেই শিল্পাঞ্চল আশুলিয়ায় মহাসড়ক ও শাখা সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে, ফুটপাত ও সড়কের বড় অংশ হকারদের দখলে চলে গেছে। কোথাও কোথাও সড়কের অর্ধেকের বেশি জায়গায় দোকান বসিয়ে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেন। পাশাপাশি চাঁদাবাজদের মোবাইল নম্বর চেয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান। তাঁর এ ঘোষণাকে অনেকেই সাধুবাদ জানালেও এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি, রাস্তা দখলমুক্ত না হওয়ায় প্রতিদিনই দীর্ঘ যানজট লেগে থাকছে।
হাইওয়ে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু চাঁদাবাজ ও অবৈধ দখলদারের কারণে মহাসড়ক ও সংযোগ সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানানো হয়।

এদিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, দ্রুত ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালানো হবে এবং চাঁদাবাজদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এলাকাবাসীর দাবি, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি ছাড়া এই সমস্যা থেকে স্থায়ী সমাধান মিলবে না। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *